আমরা ভর্তি হই ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষে। আমাদের ভাইভা বোর্ডের প্রধান ছিলেন বাংলা বিভাগের যশস্বী অধ্যাপক ড. কাজী দীন মুহাম্মদ স্যার। হল প্রভোস্ট ছিলেন ঢাবির সাবেক উপাচার্য ও ইউজিসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ স্যার। কলা অনুষদের ডিন অফিসের প্রধান সহকারী ছিলেন বজলু ভাই। তাঁর সাথে বছরখানের মধ্যে বেশ সখ্য গড়ে ওঠে। তাঁর চওড়া হাসি আজও চোখে ভাসে।
১৯৮৬ সালের কোনো একদিন তাঁর রুমে ঢুকে সে বছরের চূড়ান্ত ভর্তি ফরমগুলো একটা সুতা দিয়ে বাঁধা অবস্থায় শেলফের ওপর দেখতে পেলাম। কয়েকটি উল্টিয়ে দেখার পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফরমটি নজরে পড়ল। অভিভাবকের নাম বেগম খালেদা জিয়া দেখার পর নিশ্চিত হলাম। পুনশ্চ বজলু ভাইকে জিজ্ঞেস করলে তিনি বললেন, “হ্যাঁ, ঠিকই দেখেছেন।”
পাগলা শহীদ নিহত হওয়ার কয়েক দিন পর হালিমের হত্যাকাণ্ডও বিশ্ববিদ্যালয়ে একধরনের ভীতির সঞ্চার করে। ‘৮৭ সালের মার্চে আমাদের মহসীন হলে ছাত্রদল নেতা বাবলু ভাই নিহত হলে পরিস্থিতি অধিকতর বিভীষিকাময় হয়ে ওঠে। ওদিকে ছাত্রদলের প্রথম সারির অনেককেই এরশাদ নিজ দলে ভিড়িয়ে দলটিকে পঙ্গু করে ফেলে। গোলাম সারওয়ার মিলনকে শিক্ষা উপমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়। জালাল আহমদকে পাঠিয়ে দেওয়া হয় অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে। নিরুকে দীর্ঘদিন গ্রেপ্তার করে রাখার পর গোপন আঁতাতের মাধ্যমে মুক্তি দিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। বর্তমান সংসদ সদস্য খায়রুল কবির খোকন ভাই (সাবেক ডাকসু জিএস) তখন বিশ্ববিদ্যালয়ে দলটির হাল ধরেছিলেন।