এক মাসে পড়ে যাবে। হেলছে, দুলছে। বড়জোর দুইমাস। দেখতে দেখতে ১০০ দিন পার। সাফল্য ব্যর্থতা দুটোই আছে। ধর্ষণ হত্যা বন্ধ হয়নি। কিন্তু অপরাধীরা সবাই ধরা পড়েছে। জ্বালানি, বিদ্যুতের সমস্যা আছে, কিন্ত সমস্যা সমাধানের জন্য কাজ চলছে। আর্থিক সেক্টরে শৃঙ্খলা ফিরে আসছে, আশঙ্কাজনক কিছু হয়নি। বিসিবিতে বাবা মা নেতাদের দোয়া। কিন্তু দর্শক ক্রিকেটাররা খুশি। দল ভালো করছে। বোর্ড থেকে উগ্রদের সরিয়ে দেয়া হয়েছে। ফ্যামিলি কার্ড, খাল খনন, নতুন মেগা প্রকল্পের কাজ এবং প্ল্যান চলমান। হাম হয়ে শিশু মারা যাচ্ছে, কিন্তু সরকার সবাইকে হামের টিকার আওতায় নিয়ে এসেছে। ভালো খারাপ মিলিয়ে ১০০ দিনে দেশ পজিটিভ ডাইরেকশনে আছে। ১০০ দিনের মধ্যে ২ দিন ঈদ, ছিল মহান ভাষা দিবস, স্বাধীনতা দিবস, নববর্ষ। এই প্রতিটি দিন মানুষ ছিল উচ্ছল, আনন্দমুখর। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এসো যে বৈশাখ এসো এসো গানে মুখরিত হয়েছে দেশ। ২০২৫ সালের গুমোট ভাব ছুড়ে ফেলে মানুষ উৎসবে মেতে উঠেছে। ভয় পায়নি। এখানেই সরকারের সার্থকতা।
ব্যারিষ্টার ফুয়াদ বলেছেন প্রধানমন্ত্রীকে ভুয়া বলা যাবে। তিনি সম্ভবত তার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কথা বলেছেন। আমরাও মনে করি আমাদের প্রধানমন্ত্রী বা যে কারো সমালোচনা করা যাবে, কিন্তু শালীনতার মাত্রা ঠিক থাকতে হবে। ব্যাক্তিগত হুমকি, শারীরিক ভাবে আঘাতের হুমকি, নারীদের রেপ করার হুমকি বাকস্বাধীনতা নয়। এসব ব্যাপারে ব্যারিস্টার ফুয়াদরা নিশ্চুপ।
পানিসম্পদ মন্ত্রীর কোরবানীর খরচ নিয়ে সমালোচনা দেখলাম, অথচ গরুর মাংস পাবে দুস্থরা। সার্জিসের ক্ষেত্রেও সমালোচনা। যারা সমালোচনা করলো, তাদের কোটি টাকার বিয়ে খেয়ে ৩০ দাঁত বের করে হাসির ছবি আছে, একজন মেধাবী ধার্মিক ছাত্রের এত টাকা কোত্থেকে এলো সেই প্রশ্ন নেই। নিজের লোক, নিজের পেটে খাওয়া গেলে সাত খুন মাফ। পরে শুনলাম বিয়ের সব খরচ নাকি আমির সাহেব দিয়েছেন। এদিকে আমির সাহেব নির্বাচনের সময় আয় ব্যয়ের যে হলফনামা দেখিয়েছেন, তাতে ওনার নিজেরই নুন আনতে পানতা ফুরাবার কথা, এত টাকার বিয়ের খরচ উনি মেটালেন কিভাবে?
ড: মাহ্দী আমিনের ডক্টরেট নিয়ে প্রশ্ন তুলেছেন মহান জ্ঞানী রাজনীতিবিদ যার ইংলিশ শুনে সবাই হতভম্ব। তিনি যখন ইংরেজি ভাষায় কথা বলছিলেন, মনে হচ্ছিল তিনি ইংরেজী ভাষায় কথা বলছেন না, ইংরেজি ভাষা প্রসব করছেন। ওনাকে ডক্টরেট বানান জিজ্ঞেস করলে বলবেন “ইয়ে মানে, বাদ দিন। কেউ ডক্টরেট করলে সেটা নিয়ে সমালোচনার দরকার কি?” এবারের সমালোচনায় ভুল জায়গায় হাত পড়েছে। এখন বিএনপির সম্মানিত উপদেষ্টারাও বুঝতে পারবেন ট্রলের ট্রল কেমন।
হামে শিশু মারা যাচ্ছে একের পর এক। অন্তর্বর্তী সরকারের সময় টিকা দেয়ার ব্যর্থতায় জাতি স্তম্ভিত। কিন্তু অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট লোকজন এখনো আকাশে উড়ছেন। ডঃ ইউনূসের একটা চুল ছেড়ারও নাকি কারো সাধ্য নেই। আমি ভাবলাম ড: মুহম্মদ ইউনুস কি ইদানিং মাথা কমিয়ে রাখছেন কিনা। কেউ জোর করে ওনাকে অসম্মান করতে চাচ্ছে না। ওনার সরকারের ভুলে হাম হয়ে এত শিশুর মৃত্যু এটি ভবিষ্যতের জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে।
হঠাৎ কি যেন হয়েছে। অন্তর্বর্তী সরকারের তাসের ঘর ভেঙে পড়ছে। সাবেক উপদেষ্টারাই বিগড়ে গেছেন । এক নারী উপদেষ্টা বললেন তিনি মার্কিন যুক্তরাষ্টের চুক্তির কথা জানতেন না। তিনি ললিপপ খেতেন। তিনি নান্না মুন্না রাহি হো। আর এখন ধর্ষণ নিয়ে ওনার অনেক দুশ্চিন্তা !! ১৮ মাসে ধর্ষণ, মব, পুড়িয়ে হত্যা করা হলো মানবতা, উনি এবং ওনার হাজব্যান্ডের গলা দিয়ে কোন শব্দ বের হয়নি। এক উপদেষ্টা বললেন উনিও কিছু জানেন না, দেশ চালাতো কিচেন কেবিনেট। এখন অনেকেই বলছেন তারা কিচেন কেবিনেটে ছিলেন না, কিন্তু কিচেন কেবিনেটই দেশ চালিয়েছে। হলিউড একশন মুভিতে নায়ক বিভিন্ন ক্ষেত্রে সাহসী সফলদের খুঁজে বের করে কমান্ডো বাহিনী বানায়। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে দেখা গেল মাননীয় প্রধান উপদেষ্টা সব অকর্মন্য দুর্নীতিবাজ খালি কলসীদের খুঁজে বের করেছেন। কি একটা অবস্থা।
কিচেন কেবিনেট প্রসঙ্গ উঠার পর অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টদের কনফিডেনন্স কমে গেল। বিশেষ বিমানে মাননীয় সাবেক প্রধান উপদেষ্টা এখন প্যারিসে। সেখানে তিনি প্যারিসের এবং ফ্রান্সের আরো উন্নয়ন কিভাবে করা যায় সে ব্যপারে ভূমিকা রাখবেন। বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্য সব জায়গায় কেউ মারা গেল শোকবার্তা পাঠাবেন। আমাদের দুর্ভাগ্য। যিনি হতে পারতেন নেলসন ম্যান্ডেলা, তিনি হয়ে গেলেন ডঃ ইউনুস।
ফুয়াদ ভাইয়ের মাথা সবসময় বাতাস লেগে ঠান্ডা থাকার কথা, কিন্তু কেন যেন গরমই থাকে। প্রতিদিনই তিনি এমনভাবে কথা বলেন যেন ১৮ কোটি মানুষ তাকে গুরু মানে এবং তার কথাই শেষ কথা। কিন্তু তিনি বেশ হাস্যকরভাবেই বলেন, খুব বেশি খারাপ লাগেনা। মাঝে মাঝে হাসিও পায়। সম্প্রতি বললেন স্কুল কলেজ কমাতে। সবাই রাগ হবে কি, থ। পরে দেখা গেল পোস্টের পর পোস্ট, জাতি অশিক্ষিত হলে মগজ ধোলাই করতে সুবিধা? তারপর বললেন ফুটবল খেলায় একটা ফুটবল নিয়ে ১১ জন প্লেয়ারের কাড়াকাড়ি নিয়ে কেন এত মাতামাতি তিনি বুঝেন না। জবাব পেলেন সাথে সাথে। আসলেই তো, এই বৈষম্যের জন্য তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি। ২২ জন প্লেয়ার সবারই ১ টা করে বল থাকা উচিত। সবাই যার যার বল নিয়ে আরাম করে দৌড়াবে। ওনার দল যদি কেয়ামতের পরে ক্ষমতায় আসে তাহলে তিনি সেটা করবেন। অসুবিধা কি? সমস্যা হচ্ছে মজহার সাহেবকে নিয়ে। ওনার আবার মাথাভর্তি চুল. সেজন্য মাথা থাকে গরম আর আউলা। ইদানিং এমনভাবে কথা বলতেছেন মনে হয় দেশ উনিই চালান। ওনার কথায় সব কিছু হয়। বাস্তবতা হচ্ছে দেশের জন্য সুজনের যত অবদান, ওনার অবদানও তাই। খুব বেশিও নয়, কমও নয়। ১৮ কোটি নয়, ওনার কথায় আঠারশ মানুষও নাচে না।
জামায়াতের কিছু মানুষ এখনো মহান মুক্তিযুদ্ধের কথা শুনলে তেলেবেগুনে জ্বলে উঠে। হাসফাস করতে থাকে। আমি বুঝতেই পারিনা তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে কেন মেনে নেয়না? আপন করে নেয়না? তাদের আমির সাহেব তো নিয়েছেন। মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশকে মেনে নিন, বুক থেকে পাথর নেমে যাবে।
ওসমান হাদিকে নিয়ে বিতর্ক তুঙ্গে। কাজী নজরল ইসলামের কবরস্থানের পাশে হাদির কবর, এটাতো হাদির সিদ্ধান্ত নয়। তাহলে হাদিকে কেন দোষ দেয়া? হাদি প্রথমদিকে গালাগালিকে নর্মালাইজ করেছিলেন, ৩২ ভাঙ্গায় তার ইন্ধন আছে, কিন্তু তিনি শেষ দিকে বলেছেন তিনি তার শত্রুর সাথেও ইনসাফ করতে চান। শেষ কিছুদিন তিনি গালাগালিও কম করতেন। এনসিপির দুর্নীতির বিরুদ্ধে বলতেন। জামায়াতের গুপ্ত রাজনীতির কথা তিনিই প্রথম তুলে আনেন। এখন কেউ তার সমালোচনা করবে, কেউ তার প্রশংসা, গণতান্ত্রিক অধিকার। কিন্তু তিনি কোন জবাব দিতে পারবেন না। কাজেই সমালোচনা শালীনতার মাত্রা না ছড়ানোর জন্য অনুরোধ রইলো।
সামনে রাজনীতির কঠিন সময়। কারণ আওয়ামী লীগকে নিয়ে অনিশ্চয়তা। কারণ গুপ্ত রাজনীতি। কারণ উগ্রদের উগ্রতা কন্ট্রোলের বাইরে। কারণ সমাজে ঘুরে বেড়াচ্ছে হাজারো অপরাধী, যাদের অনেকে গর্বিত খুনি। কারণ সীমান্তে বিজেপি সরকার। সরকার এই প্রতিটি অনিশ্চয়তা সম্পর্কেই জানে। নিশ্চিতভাবেই বলা যায় সরকার এই অনিশ্চয়তার সাথে ফাইট করার জন্য প্রস্তুতি শেষ করেছে।
বিএনপির মত এত বড় দল থাকার পরও আওয়ামী লীগ ১৭ বছর টিকে ছিল। বিএনপি অন্যতম বড় দল, অতীতের শিক্ষা তাদের আছে. বিএনপির জন্যও ১৭ বছর টিকে থাকা কঠিন কিছু নয়। কিন্তু বিএনপি টিকে থাকতে চায় সুশাসন এবং উন্নয়ন দিয়ে, জবরদস্তি করে নয়। সেভাবেই সরকার প্ল্যান করছে। ১০০ দিন পার হয়েছে। এখন কয়েকজন বলছে ৫ মাস টিকবে না। ৫ মাস? ১০০ দিন পার হয়েছে ১০০০ দিনও পার হয়ে যাবে। ১০০০ দিন পার হলেও লিখতে হবে – বিএনপি সরকারের ১০০০ দিন। বিএনপি দেশের জন্য ভালো কিছু করার সুযোগ হাত ছাড়া করবে না। ২০৩১ সালের জাতীয় নির্বাচনে মানুষের ভালোবাসায় সিক্ত বিএনপি আবার ভালো করবে।