
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী জনাব মির্জা আব্বাস বর্তমানে গুরুতর অসুস্থ। ক্রমান্বয়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং বর্তমানে তিনি এক সংকটময় মুহূর্ত পার করছেন। দেশের সর্বস্তরের মানুষের কাছে এই বর্ষীয়ান রাজনীতিবিদের দ্রুত সুস্থতার জন্য আমি আন্তরিকভাবে দোয়া কামনা করছি।
ব্যক্তিগতভাবে তাঁকে খুব কাছ থেকে দেখার এবং তাঁর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার সুযোগ আমার হয়েছে। রাজনীতির বাইরেও মির্জা আব্বাসের একটি বিরল মানবিক সত্তা রয়েছে। অসংখ্য মানুষের বিপদে-আপদে নীরবে পাশে দাঁড়ানো, অসহায়দের চিকিৎসার খরচ বহন করা, এতিম ও দুঃস্থ পরিবারের মুখে হাসি ফোটানো—এমন অগণিত মানবিক কাজের সাক্ষী হয়ে আছে এই সমাজ। রাজনৈতিক প্রতিহিংসা বা বিভিন্ন অপপ্রচারের কারণে অনেকেই হয়তো তাঁর সম্পর্কে ভিন্ন ধারণা পোষণ করতে পারেন, কিন্তু বাস্তবে তিনি একজন অত্যন্ত দানশীল, পরোপকারী ও সাহসী মানুষ।
প্রতি শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদের বাইরে দাঁড়িয়ে থাকা শত শত অসহায় মানুষের অপেক্ষা মির্জা আব্বাসের মানবিকতারই এক জীবন্ত প্রমাণ। সেই অবহেলিত মানুষগুলো জানে—এই মানুষটি অন্তত কাউকেই কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। তাঁদের সেই দুহাত তুলে করা দোয়াই আজ মির্জা আব্বাসের জন্য সবচেয়ে বড় শক্তি।
আজ সেই মানুষটিই হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। তাঁর সুস্থতা কেবল তাঁর পরিবার বা রাজনৈতিক দলের জন্য নয়, বরং ওই অসংখ্য সাধারণ ও অসহায় মানুষের আশ্রয়ের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা তাঁর নেক আমলগুলোর উছিলায় তাঁকে দ্রুত শেফা দান করুন এবং আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন—এই মোনাজাতই করি।
দেশের আপামর জনসাধারণের কাছে আমার বিনীত অনুরোধ—আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই বীর মুক্তিযোদ্ধার জন্য দোয়া করবেন। আল্লাহ তায়ালা সহায় হোন।