তিনি শেষ বয়সে এসে ভেবেছিলেন ভদ্রতা এখনও কিছু মূল্য রাখে, কিন্তু বাস্তবতা হলো—বর্তমান সময়টা অভদ্রতা, অসভ্যতা এবং ঘৃণার

ঢাকার রাজনীতি যাঁরা একটু গভীরভাবে বোঝেন তাঁরা জানেন, মির্জা আব্বাস শুধুমাত্র একজন সাধারণ রাজনীতিবিদ নন। গত প্রায় পাঁচ দশক ধরে ঢাকার কিছু এলাকা এমনভাবে তাঁর পরিবারের সামাজিক এবং রাজনৈতিক প্রভাবের ভেতরে আছে যে, সেগুলোকে আলাদা করে কল্পনা করাই কঠিন। ইতিহাসের হিসেবে ধরলে এই সম্পর্ক আরও পুরোনো; প্রায় একশ বছরের একটি সামাজিক ধারাবাহিকতার সঙ্গে এই পরিবার জড়িয়ে আছে। ওই এলাকাগুলোতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, কর্মী এবং দীর্ঘদিনের সামাজিক সম্পর্ক মিলিয়ে একটি শক্তিশালী সামাজিক বলয় তৈরি হয়েছে।

এই কারণেই ঢাকার রাজনীতিতে একটি কথা প্রতিষ্ঠিত সত্যের মতো ছিল—সরকার যে দলই গঠন করুক না কেন, ঢাকার একটি বড় অংশে মির্জা আব্বাসের প্রভাব অক্ষুণ্ণ থাকবে। গত ১৭ বছরের আওয়ামী লীগ আমলে বিএনপির ভেতরে একটি চাপা অসন্তোষ তৈরি হয়েছিল। দলের ভেতরের অনেকেই মনে করতেন, তাঁর প্রভাব এবং সক্ষমতার তুলনায় তিনি অনেক সময় দৃশ্যমান অ্যাকশনে যাননি। এই ধারণা পুরোপুরি সঠিক কি না তা বিতর্কের বিষয়, কিন্তু এই অনুভূতিটা যে ছিল তা অস্বীকার করার উপায় নেই।

পাঁচই আগস্টের পর থেকে মির্জা আব্বাসকে ঘিরে নানা ধরনের কথা ছড়াতে শুরু করে। তাঁকে টার্গেট করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের অপপ্রচার চালানো হয়। এমন কথাও শোনা যায় যে, নিজের দল থেকেই তিনি হয়তো মনোনয়ন পাবেন না। কিন্তু একই সময় অনেকেই তাঁর আচরণে একটি দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করেছেন। হঠাৎ করেই মির্জা সাহেব বেশ সুশীল রাজনীতিবিদে পরিণত হন।

সোশ্যাল মিডিয়ায় বিএনপিপন্থী পরিচিত এক অ্যাক্টিভিস্ট তাঁর এলাকায় চাঁদাবাজির অভিযোগ তুলে একটি পোস্ট দেন। বাংলাদেশের রাজনীতিতে সাধারণত সিনিয়র নেতারা এই ধরনের অভিযোগকে প্রকাশ্যে স্পর্শ করেন না; কিন্তু মির্জা আব্বাস ব্যতিক্রমী আচরণ করেন। তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে দুঃখ প্রকাশ করেন এবং স্পষ্ট করে বলেন—কেউ যদি তাঁর নাম ব্যবহার করে চাঁদাবাজি করে থাকে, তবে তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর মতো একজন সিনিয়র নেতা সোশ্যাল মিডিয়ার অভিযোগের ভিত্তিতে এভাবে প্রতিক্রিয়া জানাবেন, এটা অনেকের কল্পনার বাইরে ছিল।

এরপর আসে মনোনয়নের প্রসঙ্গ। তাঁর নির্বাচনী এলাকা ভাগ হওয়ার পর তাঁর স্ত্রী আফরোজা আব্বাস একটি আসনে অত্যন্ত শক্ত প্রার্থী ছিলেন। শুধু একজন নেতার স্ত্রী হিসেবে নয়, বরং নিজস্ব রাজনৈতিক পরিচয় এবং দীর্ঘদিনের সক্রিয়তার কারণে তিনি ওই এলাকায় একটি গ্রহণযোগ্য মুখ। বাস্তবতা হলো, ওই আসনে তাঁর চেয়ে শক্তিশালী প্রার্থী পাওয়া কঠিন ছিল। তারপরও বিএনপি এক পরিবারে একাধিক মনোনয়ন না দেওয়ার নীতি বজায় রাখার চেষ্টা করে এবং তাঁকে মনোনয়ন দেয়নি। আশ্চর্যের বিষয় হলো, এই সিদ্ধান্ত নিয়ে মির্জা আব্বাসের পক্ষ থেকে কোনো প্রকাশ্য অসন্তোষ দেখা যায়নি। তাঁর এই নীরবতা অনেক কিছুই বলে।

এরপর আসে ওসমান হাদীর ওপর হামলার ঘটনা। ঘটনার পরপরই কিছু মহল ইচ্ছাকৃতভাবে মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা করে। এমন পরিস্থিতিতে তিনি দ্বিধা না করে হাসপাতালে যান। সেখানে তাঁর সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তা মোটেও সম্মানজনক ছিল না। তাঁর নাতির বয়সী একজন মেয়ে প্রকাশ্যে তাঁকে অপমান করে। কিন্তু যে মানুষটিকে ঢাকার রাজনীতিতে সবাই ভয় পায়, সেই মির্জা আব্বাস সেখানে সম্পূর্ণ নীরব থাকেন। মুখের অভিব্যক্তিতেও বিরক্তি বা প্রতিশোধের কোনো ছাপ দেখা যায়নি। অনেকেই সেই দৃশ্য দেখে বিস্মিত হয়েছেন। এই ঘটনাগুলোর পর প্রশ্ন উঠেছে—বাংলাদেশের রাজনীতি কি আসলেই বদলায়নি, নাকি আমরা বদল দেখতে অভ্যস্ত নই?

তারপর আসলো নাসির উদ্দিন পাটোয়ারী। গত কয়েক মাস ধরে নাসির উদ্দিন পাটোয়ারী প্রায় প্রতিদিন নিয়ম করে প্রকাশ্যে মির্জা আব্বাসকে আক্রমণ করে গেছেন। রাজনৈতিক সমালোচনা রাজনীতির অংশ, কিন্তু পাটোয়ারী এবং তাঁর সমর্থকরা এত কদর্য ও নিচু ভাষা ব্যবহার করেন যে, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সেগুলো দেখা মুশকিল। সত্তর বছর বয়সী একজন মানুষকে তুই-তোকারি করে গালিগালাজ করা শুধু রাজনৈতিক সমালোচনা না, এটি রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের প্রকাশ। সমন্বিতভাবে কিছু বড় ফেসবুক পেজ থেকেও তাঁর বিরুদ্ধে অপমানজনক পোস্ট ও অপপ্রচার চালানো হয়েছে।

কিছুদিন আগে একজন ব্যক্তি মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে বিএনপির রমনা থানার সভাপতি সেই ব্যক্তিকেই দল থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। কেন তিনি এই মামলা করেছেন সেটাই জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, একজন সিনিয়র নেতা ধারাবাহিক অপমানের শিকার হচ্ছেন, কিন্তু তাঁর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করলেও তাঁর নিজের দল থেকেই সেটাকে নিরুৎসাহিত করা হচ্ছে। এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে মির্জা আব্বাসকে যেন যে কেউ যা খুশি বলতে পারে; তাঁকে সব শুনতে হবে, সব সহ্য করতে হবে।

এর মধ্যেই গতকাল ইফতারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন খবর এসেছে তিনি চরম সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে। একটা মানুষ এইভাবে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছালেও জামায়াত-এনসিপি-পাটোয়ারী সমর্থকদের অনেকেই কদর্য ভাষা জারি রেখেছেন এবং মির্জা আব্বাসের অসুস্থতার পোস্টে গিয়ে আরও ভয়ংকর নোংরা কথা বলছেন ও তাঁর মৃত্যু কামনা করছেন।

এই হচ্ছে বাংলাদেশের ‘নতুন রাজনীতি’। এখানে মির্জা আব্বাসরা ভদ্র হওয়ার চেষ্টা করছেন, আর নতুন ধারার রাজনীতিবিদরা এমন এক ভয়ানক রাজনীতির সূচনা করছেন যেখানে একজনকে গঞ্জনা সহ্য করতে করতে আইসিইউতে যেতে হচ্ছে, তারপরেও মুক্তি পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ভদ্রতা খুব শক্তিশালী রাজনৈতিক অস্ত্র না; বরং অনেক সময় ভদ্রতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। মির্জা আব্বাসের সবচাইতে বড় ভুল হয়তো এটাই ছিল যে, তিনি নতুন ধারার রাজনীতি বলতে বুঝেছেন ‘ভদ্র হয়ে যাওয়া’কে। সম্ভবত সেই কারণেই গত দুই বছরে মির্জা আব্বাস ভদ্র থাকার যে মূল্য পেয়েছেন তা হলো—অপমান, দলীয় নীরবতা এবং শেষ পর্যন্ত আইসিইউর বিছানা।

যাঁরা কারণে বা অকারণে মির্জা আব্বাসের প্রতি ঘৃণা প্রকাশ করেন তাঁরা সফল হয়েছেন। বয়সের কারণেই হোক আর এই সমন্বিত ঘৃণা ক্যাম্পেইনের প্রেসারেই হোক—মির্জা আজ মৃত্যুর সাথে লড়ছেন। হেইটাররা চাইলে আইসিইউতে গিয়ে তাঁকে গলা টিপে মেরে আসতে পারেন। সোশ্যাল মিডিয়াতে তাঁকে প্রতিদিন মারলেও যেহেতু তাতে কোনো দোষ নেই, সেক্ষেত্রে সরাসরি গিয়ে গলা টিপে মারলে দোষ হবে কেন?

রাজনীতিতে মির্জা আব্বাসের সবচেয়ে বড় ভুল হয়তো এটিই ছিল যে, তিনি শেষ বয়সে এসে ভেবেছিলেন ভদ্রতা এখনও কিছু মূল্য রাখে। কিন্তু বাস্তবতা হলো—বর্তমান সময়টা অভদ্রতা, অসভ্যতা এবং ঘৃণার।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top