আজ বিএনপির নেতৃত্বে যে সংসদ গঠিত হলো এবং বিএনপি যে সরকার গঠন করেছে—বিএনপিকে মনে রাখতে হবে এই সরকার, এই সংসদ শুধু তাদের একার নয়; শুধু বিএনপির কর্মীদের নয়। এই সংসদ, এই সরকার যেমন বিএনপির, তেমনি জামায়াতের, তেমনি এনসিপির। এই সরকার সর্বোপরি দেশের সকল সাধারণ মানুষের।
বিএনপিকে আজকে সংসদে পাঠাতে অসংখ্য সাধারণ মানুষ জীবন দিয়েছে, নানাভাবে অত্যাচারিত হয়েছে। জামায়াত-বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়েছে, শহীদ হয়েছে, জেলে গিয়েছে। আজকের এই সংসদের জন্য জুলাইয়ে ১৪০০ মানুষ শহীদ হয়েছে। এমন অনেকে শহীদ হয়েছে যারা হয়তো সংসদ নিয়ে কোনোদিন মাথা ঘামাতোও না। আজকের এই সংসদের সিঁড়ি তৈরি হয়েছে জুলাইয়ের শহীদদের রক্ত দিয়ে; ছাত্রদলের জনির শরীর ঝাঁঝরা করে দেওয়া বুলেট দিয়ে। আজকের সংসদ তৈরি হয়েছে বিশ্বজিৎ নামের এক হিন্দু দর্জির রক্ত দিয়ে; বেগম জিয়ার নির্জন কারাবাস দিয়ে। হাজার হাজার ছাত্রদল-বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবারের উপর যে কী পরিমাণ নির্যাতন হয়েছে, তা লিখেও শেষ করা যাবে না। বিএনপির ৬০ লক্ষ রাজবন্দীর সংগ্রামে গঠিত হয়েছে এই সংসদ।
জুলাইয়ে রাস্তায় নেমে আসা অসংখ্য আবাবিল, প্রাইভেটের স্টুডেন্ট, কওমি জনতা, মা-বাবা আর হাজার হাজার সাধারণ মানুষের অসাধারণ সংগ্রামের ফসল আজকের সংসদ। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ত্যাগ দিয়ে এর ভিত্তি গড়া। সেই বোনদের কাঁধে এই সংসদ, যে বোনেরা ভাইদের লাশ কাঁধে নিয়ে মিছিল করেছে। রাতের বেলায় রোকেয়া হলের মেয়েরা সেদিন শুধু তালা ভেঙে হল থেকেই বেরিয়ে আসেনি; তারা এই সংসদের তালা ভেঙে আজকের এমপিদের ভেতরে বসার পরিবেশ সৃষ্টি করেছে। ‘তুমি কে আমি কে/ রাজাকার রাজাকার’—স্লোগানটি ছিল সংসদের মালিকানা বুঝে নেওয়ার ঘোষণা।
নাহিদ-আসিফ-রাফীদের সাহস, হান্নান মাসুদের কান্না, আবিদের ‘কেউ কাউকে ছেড়ে যাইয়েন না’, শিবিরের গোপন ও গুপ্ত নেটওয়ার্ক, জামায়াতের জনশক্তি, ফারহান ফাইয়াজদের ত্যাগ, নুসরাতদের ডিবি অফিসে অকুতোভয় থাকা—এসব হাজার হাজার ত্যাগের বিনিময়ে আজকের সংসদ। মিডিয়া কর্মীদের ফার্মগেটে বৃষ্টিতে ভিজে সহমর্মিতা জানানো, সেই টিভি উপস্থাপক, জেড আই পান্নার রিট, সানিয়াতের আম্মুর তার পিঠ চাপড়ে দেওয়া, পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যাওয়া বাচ্চা মেয়েটি কিংবা মাহবুব উদ্দিন খোকন—সবার অবদান আজকের সংসদ। পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা বলা মেয়েটি কিংবা ‘প্লিজ আপনি উত্তেজিত হবেন না’ বলা চ্যানেল আইয়ের দীপ্তি—সবাই আজকের এই সংসদের ক্রেডিটের দাবিদার।
স্বাধীনতা সংগ্রাম ছাড়া শুধুমাত্র একটা সংসদ কায়েমের জন্য পৃথিবীর ইতিহাসে এমন দীর্ঘ, সর্বব্যাপী ও সার্বজনীন সংগ্রামের ইতিহাস বিরল। আমরা যেন ভুলে না যাই; বিএনপি যেন ভুলে না যায়।