জিয়া পরিবারের মেধার মূল্যায়ন ও বিএনপির ভিন্নধর্মী রাজনীতি

২০০১ সালের নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের তিন দিন পর শাহ মোহাম্মদ আবুল হোসেনের বাসার ল্যান্ডলাইনে একটা ফোন আসে এবং সেই ফোন রিসিভ করেন ওনার স্ত্রী। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে—”আসসালামু আলাইকুম, আমি তারেক রহমান বলছি; আবুল হোসেন সাহেব আছেন?”

সেই পুরো ফোনকলে কী কথা হলো, সেটা অন্য এক দিন আলোচনা করব। তবে কিছুদিন পর সদ্য বিএনপিতে যোগ দেওয়া এই শাহ মোহাম্মদ আবুল হোসেনকে বিএনপি সরকারের অর্থ প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তীতে তারেক রহমানের সাথে এক দিন আবুল হোসেনের দেখা হয়। আবুল হোসেন তখন তারেক রহমানকে প্রশ্ন করেছিলেন, “আমাকে কেন মন্ত্রী বানানো হয়েছে? আমি তো রাজনীতিতে এসেছি মাত্র কিছুদিন হলো।” তারেক রহমান সেদিন প্রতিউত্তরে বলেছিলেন, “৩০ বছরের দুর্নীতিমুক্ত সরকারি চাকরির রেকর্ড দেখেই আপনাকে বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী করা হয়েছে।”

যিনি কখনো এমপি হতে পারবেন কি না সেটাও ভাবেননি, সেই আবুল হোসেনকে শুধুমাত্র দুর্নীতিমুক্ত সরকারি চাকরির রেকর্ড দেখে বিএনপি মন্ত্রী বানিয়ে দিয়েছে।

বৈমানিক হিসেবে অসামান্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী যাকে বিশ্বের ২২ জন ‘লিভিং ঈগল’-এর একজন হিসেবে স্বীকৃতি দেয় এবং তিনি বাংলাদেশের প্রথম ও একমাত্র “লিভিং ঈগল” উপাধি পাওয়া বৈমানিক—যিনি এক দিনের জন্যও বিএনপির রাজনীতি করেননি, শুধুমাত্র নিজের কর্মক্ষেত্রে আকাশচুম্বী সফলতার জন্য সেই লিভিং ঈগল খ্যাত সাইফুল আজমকেও বিএনপি পরপর দুইবার এমপি বানিয়েছিল।

এছাড়াও বর্তমান সরকারের এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ—দুজনই প্রজাতন্ত্রের কর্মকর্তা ছিলেন। সেই মির্জা ফখরুল আর সালাউদ্দিন আহমেদকে এই জিয়া পরিবার শুধুমাত্র সততার জন্য আজ বাংলাদেশের রাজনীতির অন্যতম মহারথী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ডক্টর খন্দকার মোশাররফ, যিনি স্বয়ং শহীদ জিয়ার ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার অন্যতম কাণ্ডারি ছিলেন; সেই ভূতত্ত্ববিজ্ঞানী ডক্টর খন্দকার মোশাররফ আজ বিএনপির অন্যতম নীতিনির্ধারক। খলিলুর রহমান, বিগত সময়ে যাঁর ভিন্ন রাজনৈতিক পরিচিতি ছিল, সেই খলিলুর রহমানকেও জিয়া পরিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে।

সুতরাং, যারা সরকারি চাকরিতে আছেন তাদের বলব—নিজের বর্তমান পেশায় সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুন, জিয়া পরিবারই আপনাকে খুঁজে নেবে; যেভাবে খুঁজে নিয়েছে আবুল হোসেন কিংবা লিভিং ঈগল খ্যাত সাইফুল আজমদের। সুতরাং, জিয়া পরিবারকে তৈলমর্দন করার দরকার নেই।

বিএনপি ওই আওয়ামী লীগ কিংবা জামায়াতের মতো নয়, যারা নিজের দলের কর্মী ছাড়া কাউকে মূল্যায়ন করতে চায় না। যারা আজীবন বিএনপিকে গালি দিয়েছে, তাদেরকেও বিএনপি মন্ত্রী বানিয়েছে—এমন নজিরও আছে। বিএনপির শিকড় এদেশের বহু গভীরে; এজন্যই বিএনপি এদেশের অন্য রাজনৈতিক দলগুলো থেকে আলাদা এবং এজন্যই এদেশের মানুষ বিএনপিকে বারবার মূল্যায়ন করে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top