বিএনপি-জামায়াত জোটের ইতিহাস ও জামায়াতের অকৃতজ্ঞতার রাজনীতি

একসময় জামায়াত কিংবা শিবিরের যেকোনো অনুষ্ঠান হলেই আগাম বলে দেওয়া যেত—সেই সভা-সেমিনারের প্রধান অতিথি হবেন মির্জা আব্বাস; ৫ই আগস্ট-পরবর্তী সময়েও এটা হয়েছে। ৯০-এর দশকে জামায়াত-শিবিরের এমন খুব কম সভা-সেমিনার পাওয়া যাবে, যেখানে মির্জা আব্বাস ছিলেন না। বিশেষ করে শিবিরের প্রোগ্রামে মির্জা আব্বাস থাকতেনই; যতটুকু মনে পড়ে, ২০০৬ সালেও শিবিরের কেন্দ্রীয় সম্মেলনের ‘চিফ গেস্ট’ ছিলেন মির্জা আব্বাস। জেলে নিজের বাসার রান্না করা খাবার নিয়ে জামায়াতের সাবেক নেতাদের খাইয়েছেন মির্জা আব্বাস, যেটার সাক্ষ্য দিয়েছেন স্বয়ং জামায়াত নেতারাই।

২০০১-০৬ সালের সেই শাসনামলে, জোট সরকারে জামায়াতের মন্ত্রী ছিলেন দুজন; কিন্তু বিএনপির সমালোচকেরা বলতেন জামায়াতের মন্ত্রী তিনজন। বিএনপির এই সমালোচকেরা নিজামী-মুজাহিদ ছাড়া অন্য যাঁর কথা বলতেন, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। হাসিনার স্বৈরশাসনে তৎকালীন জামায়াতের শীর্ষ নেতাদের সম্মতিতে বিএনপি-জামায়াত জোটের মুখপাত্রও ছিলেন এই সালাউদ্দিন আহমেদ।

যে জামায়াত ১৯৯৬ সালে ৩টি সিট পেয়েছিল, সেই জামায়াতকে বেগম খালেদা জিয়া ২০০১ সালে ২৯টি সিট ছেড়েছিলেন এবং নির্বাচনের আগে জামায়াত নেতাদের এলাকায় গিয়ে তাঁদের পক্ষে ভোটও চেয়েছিলেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ ২০০১ সালে জামায়াত ১৭টি সিট পেয়েছে। আজ জাকাতের টাকা খাওয়া পেইড অ্যাক্টিভিস্টরা গর্ব করে বলে তাদের দুজন মন্ত্রী ছিল—সেটাও এই বেগম খালেদা জিয়ার করুণায় পেয়েছে। সেই বেগম খালেদা জিয়া ১/১১-তে আটক হওয়ার পর জামায়াত নেতারা স্টেটমেন্ট দিয়েছিলেন, “বেগম খালেদা জিয়ার দায় জামায়াত নেবে না”।

যে বেগম খালেদা জিয়া জামায়াতের জন্য এত ট্যাগিং পেলেন, সেই বেগম খালেদা জিয়া ৫ই আগস্ট-পরবর্তী সময়ে জামায়াতের কাছে যেন কিছুই নন! যে মির্জা আব্বাসকে গেস্ট করা ব্যতীত জামায়াত-শিবিরের কোনো সভা-সমাবেশই হতো না, সেই মির্জা আব্বাস ৫ই আগস্ট-পরবর্তী সময়ে হয়ে গেছেন অপবাদের শিকার। যে সালাউদ্দিন আহমেদ স্বয়ং ২০ দলীয় জোটের মুখপাত্র ছিলেন, যাঁর সাথে সবসময়ই জামায়াত নেতাদের যোগাযোগ ছিল; ৫ই আগস্ট-পরবর্তী সময়ে সেই সালাউদ্দিন আহমেদকে নিয়েও কটূক্তি করা হচ্ছে।

আজকের অনেকেই দেখছি হাফ-জামায়াতি কিংবা পার্টটাইম বিএনপি আর ফুলটাইম জামায়াতি হওয়ার চেষ্টা করছেন; তাঁদের বলব—মির্জা আব্বাস কিংবা সালাউদ্দিন আহমেদকে দেখুন। যতই জামায়াত নেতাদের নিয়ে স্মৃতিচারণ করেন, ওদের স্বার্থে আঘাত আসলে সবার আগে আপনার ওপরই চড়াও হবে। আর যারা এই পার্টটাইম বিএনপি আর ফুলটাইম জামায়াতি হওয়ার চেষ্টা করছেন, তারা অন্তত মির্জা আব্বাস কিংবা সালাউদ্দিন আহমেদের চেয়ে বড় নেতা নন।

সুতরাং, এই অকৃতজ্ঞদের সাথে আপনাদের যতই দহরম-মহরম সম্পর্ক থাকুক, যেদিন এদের নোংরা রাজনীতির শিকার হবেন, সেদিন অন্তত কাউকে পাশে পাবেন না। আজ যেমন মির্জা আব্বাসরা কাউকে পাশে পান না, স্বয়ং দলও আজ মির্জা আব্বাসের পাশে নেই। আর বর্তমান বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে, যার পাশে জামায়াত আছে, তার আর আলাদা শত্রুর দরকার নেই—যেটার সর্বশেষ উদাহরণ বেগম খালেদা জিয়া ও মির্জা আব্বাসরা…

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top