তনু হত্যাকাণ্ড: বিচারহীনতার দীর্ঘ জট ও তারেক রহমানের প্রতিশ্রুতির বাস্তবায়ন

বাংলাদেশের বিচারহীনতার ইতিহাসে ‘সোহাগী জাহান তনু’ একটি বেদনাসিক্ত নাম। ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকার মতো সুরক্ষিত জায়গায় আমার বোন তনুকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছিল। কিন্তু ক্ষমতার দম্ভ আর অপরাধীদের রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার যে নোংরা খেলা আমরা দেখেছি, তা ছিল মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানানো। তনুর বিচার চাওয়ার বদলে তখন ছড়িয়ে দেওয়া হয়েছিল ‘ভাল্লুকে খাওয়ার’ মতো জঘন্য ও হাস্যকর সব মিথ্যে ন্যারেটিভ।

তনু হত্যার বিচারের দাবিতে আমরা বছরের পর বছর রাজপথে মানববন্ধন করেছি, অনলাইনে সোচ্চার থেকেছি। কিন্তু তৎকালীন আওয়ামীপন্থী শক্তি এবং প্রভাবশালী মহলের প্রত্যক্ষ সহযোগিতায় সেই মামলার ফাইলটি হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এমনকি পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারও এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে এক ধরণের দ্বিধাদ্বন্দ্বে ছিল। সাধারণ মানুষের মনে তখন প্রশ্ন জেগেছিল—তনু কি তবে কোনোদিন বিচার পাবে না?

আজ ২০২৬ সালে এসে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের মনে আছে, আমাদের মানববন্ধনের পর তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তনু হত্যার বিচারের স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন। তিনি কথা দিয়েছিলেন, ইনসাফের শাসন কায়েম হলে কোনো অপরাধীই পার পাবে না, সে যত প্রভাবশালীই হোক না কেন।

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মাথায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন আমরা দেখতে পেলাম। তনু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অপরাধীদের একজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এই একটি গ্রেপ্তার কেবল একটি মামলার অগ্রগতি নয়, বরং এটি রাষ্ট্রযন্ত্রের প্রতি সাধারণ মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ। এটি প্রমাণ করে যে, সদিচ্ছা থাকলে আইনের হাত থেকে কোনো ‘ভাল্লুক’ বা প্রভাবশালী দোসরের রক্ষা নেই।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই তাঁর এই দৃঢ় অবস্থানের জন্য। তবে আমাদের দাবি এখানেই শেষ নয়। তনু হত্যার সঙ্গে জড়িত মূল পরিকল্পনাকারী এবং যারা এই দীর্ঘ সময় ধরে আলামত নষ্ট ও বিচার বাধাগ্রস্ত করেছে, তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তনুর আত্মা তখনই শান্তি পাবে, যখন এদেশের মাটিতে আর কোনো তনুকে ক্ষমতার লালসার শিকার হতে হবে না।

দীর্ঘ এক দশকের লড়াই শেষে আজ আমরা বলতে পারি—অন্ধকার কেটে যাচ্ছে, ইনসাফের সূর্য উদিত হচ্ছে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top