মগবাজারের উল্লাস বনাম ইতিহাসের শিক্ষা: দলছুটদের পরিণতি ও বিএনপির পথচলা

রাজনীতিতে কিছু মানুষ যখন সামান্য স্বার্থের টানে দলবদল করে, তখন বিরোধী শিবিরে  আনন্দের বন্যা বয়ে যায়। মগবাজার আর বাংলামোটরে ইদানীং যে উল্লাস দেখা যাচ্ছে, তা দেখে অভিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকরা কেবল করুণার হাসিই হাসতে পারেন। কারণ, যারা আজ এই দলছুটদের নিয়ে উৎসবে মেতেছে, তারা সম্ভবত বাংলাদেশের রাজনীতির প্রকৃত ইতিহাস ভুলে গেছে।

ইতিহাস সাক্ষী, এই দল থেকে যখন ব্যারিস্টার নাজমুল হুদা কিংবা শাজাহান ওমরের মতো ‘হেভিওয়েট’রা ছিটকে পড়েছিলেন, তখন তাঁদের নিয়ে চায়ের পানিও গরম হয়নি। তাঁদের রাজনৈতিক ক্যারিয়ার আজ কোথায় গিয়ে ঠেকেছে, তা সবার চোখের সামনে। এমনকি আব্দুল মান্নান ভূঁইয়া বা শমসের মুবিন চৌধুরীর মতো অত্যন্ত প্রতাপশালী এবং দাপুটে নেতাদের বিদায়ের পরেও বিএনপির বিশাল সমুদ্রে একটি ছোট ঢেউও সৃষ্টি হয়নি; কোনো বুদবুদও ওঠেনি।

আসলে একটি আদর্শিক দলের শক্তি তার বড় বড় নেতাদের পদবিতে থাকে না, বরং থাকে রাজপথের সেই সব তৃণমূল কর্মীদের রক্ত আর ঘামে, যারা শত নির্যাতন সয়েও পতাকাকে আঁকড়ে ধরে রাখে। কিছু সুবিধাবাদী নেতা ক্ষমতার লোভে বা ভয়ে ডানে-বামে চাপলেও, মূল দল তার নিজস্ব কক্ষপথেই অটল থাকে। যারা মনে করছেন দুই-একজন নেতার দলত্যাগে বিএনপির ভিত নড়ে যাবে, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন।

এই দলছুটদের নিয়ে যারা আজ মাতামাতি করছে, তাদের জেনে রাখা ভালো যে—বিএনপি কোনো ব্যক্তির ওপর দাঁড়িয়ে থাকা ‘পকেট সংগঠন’ নয়। এটি একটি বিশাল রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে শাজাহান ওমর বা নাজমুল হুদারা ইতিহাসের পাতায় পাদটীকা হতে পারেন, কিন্তু মূল পাঠ্যবইটি সবসময় সাধারণ কর্মীদের সাহস আর নেতৃত্বের প্রজ্ঞায় লেখা হয়।

তাই মগবাজার বা বাংলামোটরের এই তথাকথিত উল্লাস স্রেফ সাময়িক এক তামাশা মাত্র।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top