বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো গোষ্ঠী যুক্তি ও আদর্শের লড়াইয়ে পরাস্ত হয়, তখনই তারা কিছু সস্তা এবং কুরুচিপূর্ণ ন্যারেটিভ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক হাস্যকর প্রচার চালানো হচ্ছে যে—তারেক রহমানের জন্ম করাচিতে, তাই তিনি পাকিস্তানের প্রতি অনুগত হতে পারেন; অন্যদিকে শফিকুর রহমানের জন্ম সিলেটে বলে তিনি বেশি দেশপ্রেমিক! এই ধরণের ‘পয়ঃবর্জ্য’ ন্যারেটিভ যারা তৈরি করছে এবং যারা একে ‘মেধাবী আলাপ’ বলে প্রচার করছে, তাদের ইতিহাসবোধ এবং কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা আজ জরুরি হয়ে পড়েছে।
ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৬৫ সালে পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ‘হিলাল-ই-জুরাত’ পুরস্কার পেয়েছিলেন। কিন্তু সেই একই জিয়া ১৯৭১ সালে দেশমাতৃকার টানে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তাঁর আনুগত্য নির্ধারিত হয়েছিল কোনো পুরস্কার বা জন্মস্থান দিয়ে নয়, বরং বাংলাদেশের মানুষের প্রতি তাঁর গভীর ভালোবাসা দিয়ে।
একইভাবে, ফেনীর এক বনেদি পরিবারের মেয়ে দেশনেত্রী খালেদা জিয়ার জন্ম হয়েছিল পিতার পেশাগত কারণে অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। অথচ এই খালেদা জিয়াই আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হিমালয়সম অনড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ভারত তাঁকে ‘যমের মতো’ ভয় পেত, কারণ তাঁর লয়ালিটি বা আনুগত্য ছিল এদেশের মাটির প্রতি। একইভাবে তারেক রহমানের জন্ম করাচিতে হওয়াটা স্রেফ একটি ভৌগোলিক কাকতালীয় ঘটনা, যা তাঁর পিতার তৎকালীন পেশাগত জীবনের সাথে যুক্ত। উন্মাদেও বিশ্বাস করবে না যে, শহীদ জিয়ার সন্তান তারেক রহমান পাকিস্তানকে সার্ভ করবেন। কিন্তু তথাকথিত ন্যারেটিভ বিজ্ঞানীরা এই ময়লাগুলোই প্রতিনিয়ত সারফেসে নিয়ে আসার চেষ্টা করছে।
ব্যক্তি হিসেবে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান প্রত্যেকেই আলাদা সত্তা এবং তাঁদের প্রত্যেকের রাজনৈতিক অবদান স্বতন্ত্রভাবে বিচার্য। তবে একটি সত্য আজ দ্বিধাহীনভাবে বলা যায়—বাংলাদেশের মাটিতে এই পরিবারের মতো ‘কনসিস্টেন্ট লয়ালিটি’ বা অবিচল আনুগত্যের ইতিহাস আর কোনো প্রভাবশালী রাজনৈতিক পরিবারের নেই। অন্তত হাসিনা বা শফিকুর রহমানের দলের তো থাকার প্রশ্নই আসে না।
যে দল বা গোষ্ঠী এক সময় পাকিস্তানি সেনাবাহিনীর খুন-ধর্ষণের পক্ষে দালালি করেছে, তারা কখনোই তাদের পুরনো চরিত্র ছাড়তে পারবে না। তারা না পেরেছে মন থেকে বাংলাদেশি হতে, না কোনোদিন পারবে। তাদের দেশপ্রেম জাহির করতে সবসময় ভারত বা পাকিস্তানের ওজর টানতে হয়। অথচ এই দেশের একজন সাধারণ অশিক্ষিত চা-শ্রমিকও জিয়া পরিবারের মতোই এই দেশের মাটি, গন্ধ আর ইতিহাসকে অনেক বেশি ধারণ করে, যা বোঝার ক্ষমতা এই ন্যারেটিভ বিজ্ঞানীদের নেই।
দেশপ্রেম কোনো পাসপোর্ট বা জন্মনিবন্ধনের পাতায় থাকে না, এটি থাকে মানুষের রক্তে আর ইতিহাসে। যারা জিয়া পরিবারকে বিদেশি ট্যাগ দিয়ে ছোট করতে চায়, তারা আসলে নিজেদের ব্যর্থতা আর কুৎসিত রাজনৈতিক অতীতকেই আড়াল করার চেষ্টা করছে। কিন্তু এদেশের সচেতন জনগণ জানে, কারা এই মাটির প্রকৃত সন্তান আর কারা ভিনদেশি চশমায় এই দেশকে দেখে।