জনগণের ম্যান্ডেট বনাম ছদ্মবেশী রাজনীতি: ওয়াদুদ ভূঁইয়ার ‘মুগুর’ ও সমঝোতার ‘মধু’

জাতীয় সংসদের সাম্প্রতিক বিতর্ক বাংলাদেশের রাজনীতির আসল চেহারাটি আবারও উন্মোচিত করেছে। একদিকে যখন স্বীকৃত দেশবিরোধী এটিএম আজহারের মতো ব্যক্তিরা বিএনপির পতন নিয়ে দুঃস্বপ্ন দেখছে এবং কাউন্টার বক্তব্য দিচ্ছে, তখন পাহাড়ের বাঘ খ্যাত বর্ষীয়ান পার্লামেন্টিয়ান ওয়াদুদ ভূঁইয়া যে হুঙ্কার দিয়েছেন, তা ষড়যন্ত্রকারীদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তাঁর স্পষ্ট ঘোষণা— “আমাদের যে জনগণ ভোট দিয়েছে, তারা বসে থাকবে না”—এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি এদেশের কোটি ভোটারের শক্তির প্রতিফলন।

মজার বিষয় হলো, ওয়াদুদ ভূঁইয়ার এই সাহসী বক্তব্যের পরই তথাকথিত ‘সমঝোতার এমপি’ শফিকুর রহমান পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যেভাবে নমনীয় হওয়ার ভান করেছেন, তা হাস্যকর। তিনি বলেছেন, তাঁরা নাকি “রংপুরের ঝাঁঝালো মরিচের পরিবর্তে সুন্দরবনের মধু ঠোঁটে লাগিয়ে কথা বলেন”। এই ‘মধু’ মাখানো কথার আড়ালে যে আসলে আদর্শিক দেউলিয়াত্ব এবং সুবিধাবাদের পিচ্ছিল পথ লুকানো, তা বুঝতে আর কারো বাকি নেই। শফিকুর রহমানের এই ভোলবদলই প্রমাণ করে যে, ওয়াদুদ ভূঁইয়ার রাজনৈতিক ‘মুগুর’ ঠিক জায়গা মতোই পড়েছে।

যারা আজ বড় বড় কথা বলছেন, তাদের মনে রাখা উচিত—বিএনপি কোনো ‘ব্যবসা’র মাধ্যমে ক্ষমতায় আসেনি। বিএনপি না করেছে ‘৭১-এর ব্যবসা’, না করেছে ‘জুলাই-বিপ্লবের ব্যবসা’, আর না করেছে ‘ধর্ম নিয়ে নোংরা ব্যবসা’। বিএনপি ক্ষমতায় এসেছে এদেশের গণমানুষের সরাসরি ভোটে। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার মতো এক ভয়ংকর ফ্যাসিস্টের সাথে চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে যে দল, তাকে এই সব ‘বালচাল’ বা ফাকা আওয়াজ দিয়ে ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

এদেশের সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপি সবসময় আপসহীন। সুতরাং বিএনপির ভবিষ্যৎ পরিণতি কী হবে, তা নির্ধারণ করার একমাত্র মালিক এদেশের জনগণ। কোনো বিশেষ গোষ্ঠী কিংবা জুলাই-ধর্ম ব্যবসায়ী সিন্ডিকেট এদেশের মানুষের ভাগ্যবিধাতা হওয়ার যোগ্যতা রাখে না। ওয়াদুদ ভূঁইয়া পার্লামেন্টে দাঁড়িয়ে সেই অমোঘ সত্যটিকেই পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। ষড়যন্ত্রকারীরা মধু মেখে আসুক আর বিষ নিয়ে আসুক, জনগণের ভোটের কাছে তাদের পরাজয় অনিবার্য।

ওয়াদুদ ভূঁইয়ার এই বলিষ্ঠ অবস্থান কেবল সংসদের ভেতরে নয়, বরং সারা দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা তৃণমূল কর্মীদের মনে নতুন করে সাহস জুগিয়েছে। যারা জনগণের ভোট চুরি করে রাজনীতি করতে চায়, তাদের ঠাঁই এদেশের মাটিতে আর হবে না।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top