মূলধারার মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমার লেখার সাথে যারা পরিচিত, তারা হয়তো জানেন—আমি কখনোই গালাগাল, উগ্র মন্তব্য কিংবা তুচ্ছতাচ্ছিল্য করে কাউকে হেয় করার মতো কোনো লেখা লিখি না। টেলিভিশনেও কাউকে আক্রমণ করে ছোট করি না।
আমার পোস্টে যারা বিদ্বেষমূলক ‘হা হা’ রিঅ্যাক্ট দেন, এমনকি ‘তুই কী জানিস’ বলে কমেন্ট করেন, তাদেরও কিছু বলি না। বরং বয়সে আমার ছেলের চেয়ে ছোট হলেও তাদের ‘ভাই’ বলে সম্বোধন করি।
আমার রাজনৈতিক বিশ্বাস আছে; বাংলাদেশি জাতীয়তাবাদ হলো সেই বিশ্বাস বা আদর্শ। জীবনে কোনো দিন এটা লুকাইনি, প্রকাশ্যে বলে এসেছি। যখন বহু ‘প্রখ্যাত’ জন বর্তমান প্রধানমন্ত্রীর সাথে ছবি দেওয়া তো দূরে থাক, যোগাযোগ রেখে গুপ্ত থাকার প্রাণপণ চেষ্টা করেছেন, তখন আমি করেছি উল্টোটা। জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের পরিচিত অসংখ্য নেতা, কর্মী ও সমর্থকদের সাথেও মিশেছি, কথা বলেছি।
আমার চরম অপছন্দ হলো মস্কোপন্থী কমিউনিজম। কিন্তু এ পক্ষের কারো সাথেও অসদাচরণ করিনি। টকশোতে তাদের কেউ সাথে থাকলে মর্যাদার সাথে কথা বলেছি, ভদ্র আচরণ করেছি। আওয়ামী লীগেরও কেউ কখনো বলতে পারবে না আমি তাদের সাথে খারাপ আচরণ করেছি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তাদের নিয়ে যা বলেছি ও লিখেছি, তাতেও রাজনৈতিক বিরোধিতা ছাড়া কোনো ব্যক্তি আক্রমণ ছিল না।
ঘোষণা দিয়ে জাতীয়তাবাদ সমর্থক হয়ে বিরোধী পক্ষের কারো কোনো ক্ষতি করিনি, বেয়াদবি করিনি, গালাগালি করিনি। যা বলার বা যা লেখার, তা যুক্তি দিয়ে করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কাজ বা সিদ্ধান্ত ভুল মনে হলে তার সমালোচনাও আমি নিয়মিত করে থাকি। এটা সত্য যে আমি তো জামায়াত, আওয়ামী লীগ বা সিপিবির পলিসির সমর্থনে কিছু লিখিনি, লিখবও না।
৩৬-৩৭ বছর ধরে অনবরত লিখছি। কতগুলো বেসিক কাজ এর মধ্যে করেছি, যা সম্ভবত খুব কম লোকই করেছে। বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির তৎপরতা নিয়ে লিখেছি, লিখছি। প্রতিরক্ষা নীতি ও জাতীয় নিরাপত্তা নিয়ে দুই বছর পরিশ্রম করে যে বইটা প্রকাশ করেছি, তা হয়তো একটা মাইলফলক। মুক্তিযুদ্ধ নিয়ে বেশিরভাগ শীর্ষ মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহণ করাসহ যতটুকু কাজ করা সম্ভব, তা করেছি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ করেছি রেফারেন্স বই। আরও অনেক কাজ বাকি।
দুঃখটা হলো, যারা যে বিষয়ে জানেন না বা জানার চেষ্টা করেন না, তারা অনবরত তুচ্ছতাচ্ছিল্য ও গালাগাল করেন। আপনাদের আদর্শকে তো আমি হেয় করি না, গালি দিই না। তাহলে আপনারা কেন আমারটা নিয়ে অমন করেন? এতে লাভ কী? কী অর্জন হয় আপনার?
সবাইকে নিয়েই একটা দেশ, একটা সমাজ। প্রত্যেকের ভালো কাজগুলোকে গ্রহণ করেই এগিয়ে যেতে হয়। আর সমালোচনা অবশ্যই থাকবে। সমালোচনা ও বিরোধিতা করুন; বেশি বেশি করুন।
আমার কাজ হাইপ, হুজুগ কিংবা সস্তা আবেগকেন্দ্রিক নয়। আবার আমার অনেক কিছু অনেকের পছন্দ হবে না। এসব মেনে নিয়েও কি ভদ্রতা ও সুসম্পর্ক বজায় রাখা যায় না? যায়…
আমি বাংলা ও ইংরেজিতে হেন কোনো গালি বা স্ল্যাং নেই যা জানি না। ঘনিষ্ঠজনদের আড্ডায় সেসব ব্যবহার করা যায়; কিন্তু পাবলিকলি যদি সেসব ব্যবহার করি, তবে কি তা শোভন হবে? না। তাই তা করিও না…।