বিপুল ভোটে পরাজিত হওয়া ব্যারিস্টার ফুয়াদ ইশরাক হোসেনের পাশে বসে বলছেন—”বিএনপির কোনো নেতাকে নাকি সে আন্দোলনে পায়নি।” ব্যারিস্টার ফুয়াদের এমন ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের পর ইশরাক হোসেনের ন্যূনতম প্রতিবাদটুকু করার মুরোদ হয়নি। এই ব্যারিস্টার ফুয়াদ কখনো একটা মিথ্যা মামলার আসামি হননি, এক দিন জেল খাটেননি। সেই ব্যারিস্টার ফুয়াদ ইশরাক হোসেনের পাশে বসে বিএনপি নেতাদের সার্টিফিকেট দিচ্ছেন; অথচ বিএনপির এমন একজন নেতা নেই যাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা হয়নি কিংবা যিনি জেল খাটেননি।
এদেশের সর্বজন শ্রদ্ধেয় ৯০ বছর বয়সী ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে পর্যন্ত একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, বয়োবৃদ্ধ প্রয়াত এম কে আনোয়ারের বিরুদ্ধে ময়লার গাড়িতে বোমা মারার মতো হাস্যকর মামলা দেওয়া হয়েছে।
ইশরাক হোসেন, সত্যি আপনার জন্য লজ্জা হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়; আপনার বাবা বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন, অথচ আপনার সামনেই আপনাকে ব্যারিস্টার ফুয়াদের মতো ব্যক্তি মিডিয়ার সামনে কেবল ‘ইশরাক’ বলে বারবার সম্বোধন করছেন। ইশরাক, আপনি নিজে দেদার মিথ্যা মামলার আসামি হয়েছেন; আপনাকে না পেয়ে পুলিশ আপনার অরাজনৈতিক ছোট ভাইকে পর্যন্ত ধরে নিয়ে সাত দিনের রিমান্ডে দিয়েছিল। অথচ সেই আপনার পাশে বসে ফুয়াদের মতো লোকেরা বিএনপি নেতাদের সার্টিফিকেট দেয় আর আপনি বসে বসে সেগুলো শুনে যাচ্ছেন!
অবশ্য আপনাকে নিয়ে আর কী বলব! যখন ছাত্রদল নেতা সাম্যর মৃত্যুবার্ষিকীর শোকসভা চলছে, ঠিক সেই সময় আপনি একজনের বিয়েতে গিয়েছেন; যাঁর বিয়েতে গিয়েছেন—সেই লোকের আশ্রয়ে-প্রশ্রয়েই আপনাকে সকাল-বিকেল গালিগালাজ করা হয়। আজীবন শুনতাম দুনিয়ার যত নির্লজ্জ-বেহায়া সব জামায়াত-শিবির করে, কিন্তু এখন কিছু বেহায়া বিএনপিও করে। তবে ইশরাক ভাইয়ের মতো সিংহপুরুষকে আমি অন্তত এখনই বেহায়াদের তালিকায় ফেলতে চাই না।
মির্জা আব্বাসের চেয়েও কয়েক গুণ বেশি জনপ্রিয় হওয়ার পরও সাদেক হোসেন খোকা কখনোই মির্জা আব্বাসকে টক্কর দিতে যাননি। এত আকাশচুম্বী জনপ্রিয়তার পরও কেন সাদেক হোসেন খোকা ওই মির্জা আব্বাসের সাথে দূরত্ব তৈরি করেননি, সেটার প্রমাণ আমরা ওয়ান-ইলেভেনে পেয়েছিলাম।
ইশরাক হোসেন আমার একজন প্রিয় নেতা, তারপরও আপনার ওপর আমি আশাবাদী হতে চাই। আমি মনেপ্রাণে চাই, আপনার নামের পাশেই জ্বলজ্বল করুক ‘ঢাকার বাঘ’ শব্দটা। কিন্তু আপনি নিজে সেটা হতে চান কি না—এটাই এখন আপনার ভাববার সময় এসেছে। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক বুক টানটান করে চলবে, সেই ইশরাককে এমন কাচুমাচু অবস্থায় অন্তত আমি আর দেখতে চাই না…