সম্ভবত ঐতিহাসিকভাবেই বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ারটাতেই মূল সমস্যা; বিএনপি সরকার এই মন্ত্রণালয়ে অতীতে যাকেই নিয়োগ দিয়েছে, সে-ই ব্যর্থ হয়েছে। এই তালিকায় আছে আবদুল মতিন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা এয়ার মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর মতো বাঘা বাঘা নাম।
ধরে নিলাম আবদুল মতিন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ কিংবা লুৎফুজ্জামান বাবররা সিভিলিয়ান ছিলেন, তাই তাঁরা ব্যর্থ। কিন্তু যার হাত ধরে অনেক দেশের বিমানবাহিনীতে ট্রেনিং হতো, আন্তর্জাতিক পাইলট ট্রেইনার হিসেবে যার বিশ্বজুড়ে খ্যাতি ছিল, সেই সামরিক ব্যক্তি আলতাফ হোসেন চৌধুরীকেও এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০০৪ সালে সরিয়ে দেওয়া হয়েছিল। মোটাদাগে এদের সবার তুলনায় লুৎফুজ্জামান বাবরই এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সবচেয়ে সফল নাম; যদিও তিনি দেশের মানুষের কাছে নন্দিত হলেও দলের কিছুসংখ্যক নেতা-কর্মীর কাছে আজও নিন্দিত হয়ে আছেন। অনেকে তো মুখ ফসকে বলেই ফেলেন—চীনের দুঃখ যদি হয় হোয়াংহো নদী, তবে বিএনপির প্রতিটি শাসনামলের দুঃখ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আমি আশাবাদী মানুষ, আমি এখনো আশা রাখতে চাই; বিএনপির এই টার্মের দুঃখ অন্তত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হবে না। কারণ, বর্তমানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে মেধাবী ও চৌকস হিসেবে যার পরিচিতি, সেই সালাউদ্দিন আহমেদ। আর সালাউদ্দিন আহমেদের মতো মেধাবী যেখানে আছেন, সেখানে আশা রাখাই যায়। এত তাড়াতাড়ি একজন সালাউদ্দিন আহমেদকে সফলতা-ব্যর্থতার কাঠগড়ায় দাঁড় করানোটাও সম্ভবত অন্যায়।
সালাউদ্দিন আহমেদ, আপনি অচিরেই নিজ স্বমহিমায় ফিরে আসুন। আপনার সেই সগৌরবে ফিরে আসার অপেক্ষায় পুরো বাংলাদেশ। জিয়াউর রহমানের একজন সফল কর্নেল মোস্তাফিজ ছিলেন, আপনিও তারেক রহমানের একজন সফল সালাউদ্দিন আহমেদ হয়ে উঠুন।