ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে সাদা আর কালোর পার্থক্যটা অনেক সময় ধূসর করে দেওয়ার চেষ্টা করা হয়। সম্প্রতি একটি ‘গুপ্ত পরজীবী’ গোষ্ঠী প্রচার করার চেষ্টা করছে যে, ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিএনপির লোক বলে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তাদের এই প্রচারণার উত্তর দেওয়ার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।
হ্যাঁ, ড. ওবায়দুল ইসলাম দ্ব্যর্থহীনভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আর বিএনপির আদর্শ বুকে ধারণ করেন বলেই ২০২৩ সালে যখন ছাত্রলীগের কুখ্যাত ‘গেস্টরুম টর্চার সেল’-এর নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হতো, তখন তিনি একমাত্র ব্যক্তি হিসেবে সিনেট অধিবেশন থেকে ‘ওয়াক আউট’ করে প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি মেরুদণ্ডহীন সুবিধাবাদীদের মতো আওয়ামী লীগের সাথে ‘লিভ টুগেদার’ করেননি কিংবা স্বৈরাচারের পদলেহন করে নিজের আখের গোছাননি।
বিপরীতে, আজ যারা বড় বড় বুলি আওড়াচ্ছেন, তাদের তথাকথিত ‘৩৬ পৃষ্ঠার’ ভিসি নিয়াজ আহমেদের আমলনামাটা একটু দেখা যাক। যখন ফ্যাসিবাদ জেঁকে বসেছিল, তখন এই নিয়াজ সাহেবরা আওয়ামী লীগের দালালি করে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি পদ বাগিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয়, ‘জাতির পিতার’ শোক দিবসে গভীর শোকাহত মন নিয়ে বিশাল বিশাল রচনা পাঠ করে নিজের আনুগত্য প্রমাণে ব্যস্ত ছিলেন।
আশ্চর্যের বিষয় হলো, যারা ফ্যাসিবাদী সরকারের আমলে সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তারাই আজ ড. ওবায়দুল ইসলামের মতো ত্যাগী ও সাহসী মানুষকে নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা দেখান! ড. ওবায়দুল ইসলাম প্রমাণ করেছেন যে—আদর্শিক রাজনীতি মানে আপস করা নয়, বরং দুঃসময়ে অন্যায়ের প্রতিবাদ করা। তিনি আওয়ামী লীগের দালালি করে কোনো পদ নেননি, বরং রাজপথে দাঁড়িয়ে শিক্ষার্থীদের অধিকারের কথা বলেছেন।
আসলে এই পরজীবী গোষ্ঠীটি ভয় পায়। তারা ভয় পায় ড. ওবায়দুল ইসলামের মতো দৃঢ়চেতা মানুষকে, যাদের কেনা যায় না। তাই তারা ‘বিএনপির লোক’ তকমা দিয়ে তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার ও সাহসী ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি ও মানুষ সাক্ষী—কে দালাল ছিল আর কে প্রতিবাদী ছিল। দালালি করে পদ পাওয়া আর রাজপথে রক্ত দেওয়া এক কথা নয়। প্রজন্ম থেকে প্রজন্মে এই সত্যটি পৌঁছে দেওয়া প্রয়োজন যে, সুবিধাবাদীদের দীর্ঘ রচনার চেয়ে ওবায়দুল ইসলাম স্যারের একটি ‘ওয়াক আউট’ অনেক বেশি শক্তিশালী ও বিপ্লবী ছিল।