রাজনীতিতে জনপ্রিয়তা যাচাইয়ের মাপকাঠি যখন জনমত থেকে সরে ফেসবুকের ‘হাহা রিয়্যাকশন’-এ গিয়ে ঠেকে, তখনই বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক দৈন্যতা কতটা প্রকট। সম্প্রতি শিশির মনির সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের রিয়্যাকশন নিয়ে উপহাস করার চেষ্টা করেছেন। অথচ তিনি ভুলে গেছেন, গত এক মাস আগের নির্বাচনে শিলং কিংবা ‘র’-এর সব অপপ্রচারকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সালাউদ্দিন আহমেদ ৯৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। জনগণের এই ভালোবাসার কাছে ২৫০০ ফেসবুক রিয়্যাকশন যে কতটা নগণ্য, তা বোঝার মতো রাজনৈতিক প্রজ্ঞা শিশির মনিরের নেই।
ট্র্যাজেডি হলো, এই শিশির মনির বাংলাদেশের সব টিকটকার ভাড়া করেও বিএনপির ৯০ বছর বয়সী এক বয়োজ্যেষ্ঠ মুক্তিযোদ্ধার কাছে প্রায় ৪০ হাজার ভোটে পরাজিত হয়েছেন। যিনি নিজেই জনবিচ্ছিন্ন, তিনি যখন ৩ বারের এমপি ও ২ বারের সফল মন্ত্রী সালাউদ্দিন আহমেদের সমপর্যায়ে নিজেকে ভাবার ধৃষ্টতা দেখান, তখন তা স্রেফ একটি রাজনৈতিক কৌতুক ছাড়া আর কিছুই নয়।
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ৫ই আগস্টের আগে যখন দেশ এক ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে ছিল, তখন শিশির মনিরকে শেখ হাসিনার বিরুদ্ধে একটি শব্দও উচ্চারণ করতে দেখা যায়নি। যেখানে ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বা খন্দকার মাহবুব হোসেনের মতো কিংবদন্তিরা জেলের ঘানি টেনেছেন, জুলাই আন্দোলনে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বা কায়সার কামালরা রাজপথে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেখানে এই ‘সুসময়ের কোকিল’দের কোথাও খুঁজে পাওয়া যায়নি।
আশ্চর্যের বিষয় হলো, এই শিশির মনিরই নাকি এখন জামায়াতের ৮৪ বছরের ইতিহাসের সবচেয়ে বড় ‘বুদ্ধিজীবী’! যে দলের শীর্ষ বুদ্ধিজীবীর দৌড় কেবল অন্যের ফেসবুক রিয়্যাকশন গোনা পর্যন্ত, সেই দলের পক্ষে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখা কেবল অবাস্তবই নয়, বরং রাজনৈতিকভাবে ‘নাজায়েজ’।
সালাউদ্দিন আহমেদের মতো অভিজ্ঞ ও ত্যাগী নেতার রাজনৈতিক লিগ্যাসি কোনো সস্তা প্রোপাগান্ডায় মুছে ফেলা সম্ভব নয়। জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ে যতদিন এই শিশির মনিরদের মতো ‘পরজীবী’ বুদ্ধিজীবীরা আসীন থাকবেন, ততদিন সেই দলের রাজনৈতিক পতন ঠেকাতে বাইরে থেকে কোনো শত্রুর প্রয়োজন হবে না; ঘরের শত্রু বিভীষণরাই তাদের ধ্বংসের জন্য যথেষ্ট। সুসময়ে এসে যারা দুঃসময়ের কাণ্ডারিদের অপমান করতে চায়, জনগণ ব্যালটের মাধ্যমে তাদের উপযুক্ত জবাব আগেও দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে।