বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে—অথচ নির্বাচনের পূর্বে বিএনপির কোনো নেতা নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাদের সাথে অনলাইন মিটিং করেননি। নির্বাচনের দুই মাস পূর্বেই অনলাইন মিটিং করেছিলেন জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ, যেখানে তিনি ব্যাংক কর্মকর্তাদের ভোটকেন্দ্রের ভিতরের ও বাহিরের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছিলেন—যে দায়িত্ব বুঝানোর এখতিয়ার কেবল নির্বাচন কমিশনের।
বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে—অথচ দেশের কোনো একটা নির্জন কোনা থেকে বিএনপির একজন নেতা বা কর্মী ভুয়া ব্যালট সিল বানানোর দায়ে গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হয়েছিল লক্ষ্মীপুর সদরের এক জামায়াত কর্মী, যে জামায়াত নেতার নির্দেশে ভোটের ভুয়া সিল তৈরি করেছিল।
বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল—আর তাই নির্বাচনের পূর্বেই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে ব্যাপক প্রচার করেনি। নিজেদের জয়ী হিসেবে প্রচার করেছিলেন ওভার কনফিডেন্ট খালেদুজ্জামান, গোলাম পরওয়ার, আব্দুল্লাহ তাহের, শাহরিয়ার কবীর গংরা।
বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল—বলেই অনলাইনে তাদের কোনো বট বাহিনীর মিথ্যা প্রপাগাণ্ডার ন্যারেটিভ লাগেনি। অনলাইন বট বাহিনীর ওপর ভর করে মিথ্যা অপতথ্যের ন্যারেটিভ লেগেছিল দাবীকৃত বিজয়ী দল জামায়াতে ইসলামীর।
বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল—বলেই গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে নারীদের পাঠিয়ে ভোটারদের আইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে তালিকা করেনি। অনৈতিক উপায়ে ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাদের প্ররোচিত করার উদ্দেশ্যে তালিকা করেছিল সেই জামায়াতে ইসলামীই।
বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল—বলেই নির্বাচনের আগের দিন লক্ষ লক্ষ নগদ টাকা নিয়ে বিএনপির কোনো মাঠের নেতা ধরা পড়েনি। অথচ ৬০ লক্ষেরও বেশি নগদ টাকা নিয়ে সৈয়দপুর বিমানবন্দরে ধরা পড়েছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, তাও নির্বাচনের মাত্র একদিন আগে।
বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছিল—তাই বিএনপির পক্ষে নির্বাচনের পূর্বে জরিপের নামে বিএনপিই বিজয়ী হচ্ছে বলে প্রচার করে জনগণকে বিভ্রান্ত করার কোনো প্রজেক্ট বাস্তবায়ন হয়নি। মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুয়া তথ্য দিয়ে জরিপ হয়েছিল জামায়াতের পক্ষে। নামে-বেনামে চিপায়-চুপায় থাকা জামায়াতের বিভিন্ন প্রতিষ্ঠান একেক দিন একেক জরিপ করে প্রচার করেছিল জামায়াত বিজয়ী হচ্ছে; যেনতেন বিজয় নয়, ১৯০-এরও বেশি আসনে বিজয়।
আজ গোলাম পরওয়ার, আজাদরা পরাজিত হওয়ার পর তা হজম করতে পারছেন না। প্রত্যাশার ফাঁপানো বেলুন স্বাভাবিকভাবেই ফেটে যাওয়ায় তারা এখন ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’-এর ন্যারেটিভ তুলেছে। সেই পিআর, আগে গণভোট, জুলাই সনদ স্বাক্ষর, স্থানীয় সরকার নির্বাচনের মতোই এই ‘জামায়াত জয়ী হয়েছিল’ ন্যারেটিভ জামায়াতের রাজনীতির আরেকটি নতুন চক্রান্ত।
বিএনপিকে প্রতিক্রিয়াশীল করার তীব্র চেষ্টা করে যাচ্ছেন পরাজিত পরওয়াররা। মাত্র ৬৮ আসন পাওয়ার পরেও নিজেদের শক্তিশালী বিরোধী শক্তি হিসেবে তুলে ধরার এটা একটা জামায়াতি প্রক্রিয়া। বিএনপির এতে কর্ণপাত না করাটাই রাজনৈতিক ম্যাচুরিটি। তবে জামায়াতকে এই ন্যারেটিভে বেশি সুযোগ দিলে দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি হতে পারে। সরকারের উচিত নির্বাচন প্রশ্নে জনগণকে বিভ্রান্ত করার সকল সুযোগ নস্যাৎ করে দেয়া। বিএনপি ও সরকার সম্ভবত এখনো তা ভাবছে না।