একটি সুস্থ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলো গণমাধ্যম। কিন্তু সেই স্তম্ভ যখন নিরপেক্ষতা হারিয়ে একপাক্ষিক ও আংশিক সত্য প্রচারের ঢাল হিসেবে ব্যবহৃত হয়, তখন তা কেবল বিভ্রান্তিই নয়, বরং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় “কলেজ শিক্ষিকাকে পেটালেন ইউনিয়ন বিএনপি নেতা” শিরোনামে যে সংবাদটি পরিবেশিত হয়েছে, তা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার এক প্রকৃষ্ট উদাহরণ।
ঘটনাটির গভীরে গেলে দেখা যাচ্ছে, সেখানে কেবল একতরফা আক্রমণ হয়নি; বরং তথাকথিত সেই নেতার ওপর প্রথমে আঘাত আসার প্রেক্ষাপটও বিদ্যমান ছিল। অথচ Channel 24-সহ বেশ কিছু প্রতিষ্ঠিত গণমাধ্যম ঘটনার পুরো চিত্র তুলে না ধরে কেবল শিরোনামের চমক এবং বিএনপি নেতার পরিচয়কে নেতিবাচকভাবে উপস্থাপনে ব্যস্ত ছিল। সাংবাদিকতার প্রাথমিক উসুল হলো—যেকোনো ঘটনার ‘ক্রিয়া এবং প্রতিক্রিয়া’ দুটিকেই সমানভাবে উপস্থাপন করা। কিন্তু এখানে আমরা দেখলাম এক ভয়ংকর ‘সিলেক্টিভ ফ্রেমিং’।
এখানে প্রশ্ন ব্যক্তি বা লিঙ্গের অপরাধ নিয়ে নয়; প্রশ্ন হলো মিডিয়া হাউজগুলোর পেশাদারিত্ব নিয়ে। প্রতিটা মিডিয়া হাউজে ঘাপটি মেরে থাকা কিছু ‘গুপ্ত’ কুশীলব সম্ভবত এই ধরনের আংশিক তথ্য সরবরাহ করে সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট একটি রাজনৈতিক গোষ্ঠীকে কালিমালিপ্ত করতে চায়। তারা জানে যে, সাধারণ মানুষ পুরো খবর পড়ার চেয়ে শিরোনামে বেশি বিশ্বাস করে। আর এই সুযোগটিকেই কাজে লাগিয়ে তারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাজ হওয়া উচিত সত্যের অনুসন্ধান করা, কারো এজেন্ডা বাস্তবায়ন করা নয়। আংশিক সত্য অনেক সময় মিথ্যার চেয়েও ভয়ংকর হয়। যখন একটি পক্ষকে ভিলেন সাজানোর জন্য ঘটনার প্রেক্ষাপট গোপন করা হয়, তখন সেই মিডিয়ার ওপর থেকে মানুষের আস্থা ধসে পড়ে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত এই ধরনের একপেশে সাংবাদিকতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। গণমাধ্যমকে মনে রাখতে হবে, তাদের কাজ জনমত গঠন করা, কিন্তু তা যেন কোনোভাবেই কারো ‘গুপ্ত’ প্রোপাগান্ডা মেশিনের অংশ না হয়ে যায়। সমাজের ভারসাম্য বজায় রাখতে নিরপেক্ষতা এবং পূর্ণাঙ্গ সত্য তুলে ধরার কোনো বিকল্প নেই।