ক্ষমতার দাপটে নিস্প্রভ তৃণমূল: ছাত্রদলের ঈদ যখন বুকফাটা হাহাকার

দল আজ রাষ্ট্রীয় ক্ষমতায়, অথচ কেন্দ্র থেকে শুরু করে মহানগর, জেলা কিংবা উপজেলার ছাত্রদলের প্রথম সারি থেকে নিচুতলার কর্মীদের ঈদ কাটছে চরম অর্থকষ্টে। সম্প্রতি দেশের একটি বৃহৎ মহানগরের ছাত্রদলের একজন শীর্ষস্থানীয় নেতার সাথে দেখা হলো। একসাথে চা পানের ফাঁকে জিজ্ঞেস করলাম—”ঈদের আগ মুহূর্তে ঢাকা কেন? কোনো বিশেষ কাজে এসেছ?”

আমার সাধারণ প্রশ্নে তাঁকে বেশ ইতস্ততবোধ করতে দেখলাম। কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু আমি খেয়াল করলাম তাঁর চোখজোড়া ছলছল করছে। কিছু একটা গোপন করার চেষ্টা করছেন বুঝে একটু চেপে ধরতেই যা বললেন, তা শুনে আমি রীতিমতো নির্বাক হয়ে গেলাম।

তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “এলাকা থেকে এক প্রকার পালিয়ে ঢাকা চলে এসেছি; ঈদ ঢাকাতেই করব।” ফোন বের করে হোয়াটসঅ্যাপের মেসেজগুলো দেখালেন। সেখানে দেখা গেল, কর্মীরা অর্থাৎ তাঁর ছোট ভাইয়েরা ঈদের সেলামি চাইছে। অথচ তাঁর নিজের ঈদ করার মতো সামান্য টাকাও পকেটে নেই।

অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “তুমি তো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের বড় নেতা, আয়ের কোনো উৎস নেই? যাঁর সাথে রাজনীতি করো, তিনি তো এখন সরকারের প্রভাবশালী প্রতিমন্ত্রী। কোনো একটা ব্যবস্থা করে দিতে পারছেন না?”

জবাবে তিনি যা বললেন, তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি বললেন, “লিডার এখন ফোনই ধরেন না, মেসেজ দিলেও ‘সিন’ করেন না। অথচ আওয়ামী লীগের দুঃসময়ে বাবার গোয়ালের গরু বিক্রি করে রাজনীতি করেছি।” কথাগুলো বলার সময় তাঁর কণ্ঠ জড়িয়ে আসছিল, চোখে জল টলমল করছিল।

চা পান করতে করতে ভাবছিলাম—ছাত্রদল কি তবে কেবলই দলের একটি আজ্ঞাবহ সংগঠন? আর ছাত্রদলের নেতাকর্মীরা কি বড় নেতাদের হাতের পুতুল? প্রয়োজনে ইচ্ছেমতো ব্যবহার করে কাজ শেষে ছুড়ে ফেলে দেওয়াটাই কি তাদের ভাগ্য? ক্ষমতায় থেকেও নিজ দলের কর্মীদের এই অবমূল্যায়ন আগামীর রাজনীতির জন্য এক ভয়াবহ অশনিসংকেত।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top