জামায়াত নেতারা ডান দিকে তাকালেই দেখেন মনিরুল হক চৌধুরী ও গয়েশ্বর চন্দ্র রায়ের মতো মুক্তিযোদ্ধারা বসে আছেন। বাম দিকে তাকালেই দেখেন নাসির চৌধুরী, ফজলুর রহমান ও সরদার সাখাওয়াত হোসেন বকুলের মতো রণাঙ্গনের যোদ্ধারা বসে আছেন। ডানে-বামে কোনো কূল না পেয়ে সরাসরি সামনের দিকে তাকালেই দেখেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মেজর হাফিজ বসে আছেন।
এই পার্লামেন্টে ড. খন্দকার মোশাররফ ও আব্দুল মঈন খানের মতো শিক্ষাবিদরা আছেন; আমির খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টুর মতো সফল ব্যবসায়ীরা আছেন। সালাহউদ্দিন আহমেদ ও ব্যারিস্টার নওশাদ জমিরের মতো সংবিধান বিশেষজ্ঞরা আছেন; আবার ড. ওসমান ফারুক ও রেজা কিবরিয়ার মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্বরাও আছেন। আলতাফ হোসেন চৌধুরী কিংবা এহসানুল হক মিলনের মতো জাতির সূর্যসন্তানরা এই পার্লামেন্টের অংশ।
জামায়াত কাকে রেখে কাকে সামলাবে—এটা চিন্তা করতে করতেই যেন সংসদ অধিবেশন শেষ হয়ে যায়। যেমন আজ জামায়াত প্রস্তুতি নিয়ে এসেছিল মির্জা ফখরুলকে নিয়ে কথা বলবে, কিন্তু বিএনপি সামনে দাঁড় করিয়ে দিল মনিরুল হক চৌধুরীকে। জামায়াতকে নিয়ে বিএনপি যেভাবে ইচ্ছে ‘খেলাধুলা’ করছে; বিএনপির এসব ‘অন্যায়’ মনে রাখা হবে। সংসদের সবকিছুর জবাব দেওয়া হবে ফেসবুকে চটকদার রিলস আর কমেন্টে…।