বেশি পাত্তা দিলে মূল্য কমে যায়

একজন মানুষের ৩৫৭ মামলা, ২,১৭৩ দিনের কারাবাস, অমানবিক নির্যাতনের কালো দাগ এখানে শরীরে জখম হয়ে দৃশ্যমান আছে– বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পদ অবজ্ঞা করে বোকা লোকটি বেছে নিয়েছিল– রাজপথের রাজনীতি।
২০২৩ সালের ২৮শে অক্টোবর যে লোকটি ভাঙা মঞ্চে, আওয়ামী ও পুলিশ দস্যুদের আগুন জ্বলা এলাকায় ফখরুলকে ধরে জোর করে হরতালের ডাক দেওয়ালেন এবং তার ডাকেই একটা সর্বাত্মক সফল হরতাল হয়েছিল, দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনে ৬ বছরেরও বেশি সময় কারাগারে কেটেছে তার। আরেকবার পড়ুন– প্রায় সাড়ে ছয় বছর কারাগারে কেটেছে। ৩৫৭ মামলা মানে কী? ৩৫৭ বার বা কার্যাদিবস হাজিরা দেওয়া বাংলাদেশের বিভিন্ন আদালতে। একটা রেকর্ড!
কে সে জানেন? সে কথা পরে বলি– আগে সাম্প্রতিক প্রবাহ নিয়ে আলোকপাত করা যাক।
“চাঁদা তোলে পল্টনে, চলে যায় লন্ডনে”– বিএনপিকে কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না, মঈন-ফখরের অবৈধ শাসনামলে তারেক রহমানের টর্চার নিয়ে দাঁত কিউবিটিয়ে তাচ্ছিল্য করা, তারেককে অপদস্ত করা লোকটিকে দেখলাম আজ– তারেক বন্দনা করতে। তারেকও দেখলাম ভালোই সমদ্বিখণ্ডক করে আস্বাদন করল।
লোকে বলে যাচ্ছে– “এটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বিএনপির নতুন রাজনীতি, এমন করে চললে বিএনপি সফল হবে।” নয়া বন্দোবস্তের রাজনীতি করাতে দোষ নেই, হিংসা রেখে সাম্যের গান গাওয়াকে খারাপ বলছি না। তবে এখানে অনেকগুলো যদি, কিন্তু, তবে– আছে!
সবাইকে আপন করে নিচ্ছে, তিনি কোনো দৃশ্যমান শত্রু বা বিরোধী রাখতে চাচ্ছেন না। খুব সম্ভবত তিনি মহাভারতের কুরুবংশের কৌরব পক্ষের দুর্যোধন চরিত্রে অনুপ্রাণিত। প্রয়োজনমতো মিত্র বানিয়ে যাচ্ছে।
তবে, তার মানে এই নয় যে দুঃসময়ের মিত্রদের অবজ্ঞা করতে হবে। ত্রয়োদশ নির্বাচনের পূর্ববর্তী মওদূদীবাদ ও তাদের গোত্ররা যে-ভাবে বিএনপিকে ইসলামবিরোধী, সেক্যুলার নানা ধর্মীয় কুৎসা রটনা করে বিএনপিকে পাহাড়ের ঢালে নিয়ে গেছিল, তা থেকে টেনে ধরেছিল ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’– তারা মাঠের নির্মম পরিহাসে ভোটে পরাজিত হয়েছে বটে, তবে আদর্শিকভাবে বিজয়ী হয়েছে।
কওমী ভোটব্যাংক রিজার্ভ ছিল বিএনপির জন্য। সেই ভোটব্যাংক এবার মওদূদী দলে গেছে। জমিয়তের ৯৯% ভোট এবং কওমীর খুব কম ভোটই এবার ধানের শীষ পেয়েছে– বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে বিরল। সুফীজম তথা সুন্নী জামাত দাবীকারীদের ভোট বিএনপি এযাবৎকালের সর্বোচ্চ পেয়েছে, এটা মওদূদী সঙ্গ ছাড়ার দরুন। যেখানে কওমীর ভোট থাকে বিএনপির বাক্সে, এবার তা চলে গেল মওদূদীর থলেতে!
জমিয়তের লোকজন খুব করে খেটে গেছে বিএনপির প্রার্থীদের জন্য– অফলাইন এবং অনলাইন দুই জায়গায়তেই। বিজয়ের পর শফিক, নাহিদ, ফয়জুল, রেজাউলের সাথে দেখা করতে যেতে পারে তারেক, কিন্তু জমিয়তের আফেন্দি ও ফারুকের সাথে সাক্ষাৎয়ের সময় তার হয় না।
লোকে বলে– বেশি পাত্তা দিলে মূল্য কমে যায়। পরিশ্রম ও ত্যাগের মূল্য দিতে হয়৷ বিএনপি কীভাবে সরকার চালাবে তা তাদের বিষয় আবার জমিয়ত কীভাবে রাজনীতি করবে– তাও তাদের বিষয়। আমি তাদের দলের রাজনীতি করি না। তবে, পরামর্শ থাকবে– বিএনপির ছায়া থেকে বের হয়ে এসে যেন স্বতন্ত্র রাজনীতি করে, যাতে নিজেদের অবস্থান তৈরি হয়। কওমী-ভিত্তিক দল না রেখে জেনারেল হিসেবে সৃজন করুক।
অবাক হই তখনই, যখন দেখি– এক-এগারোর কুখ্যাত চরিত্র বকুল এক লাফে স্বাস্থ্যমন্ত্রী হয়ে যায়! যে বকুলকে বিগত নিকৃষ্ট আওয়ামী শাসনামলে দেখিনি রাজপথে কখনো একটা সিঙ্গেল মিছিল করতে, সে পেয়ে যায় মনোনয়ন– সাথে হয়ে যায় প্রধান মন্ত্রণালয়ের মন্ত্রী, আর আলালের মতো রাজপথের নির্যাতিত নেতারা দলের মনোনয়নই পায় না! হ্যাঁ, লেখার শুরুতে ৩৫৭ মামলা তথা একক ব্যক্তি হিসেবে সর্বোচ্চ মামলা খাওয়া যার কথা বললাম, তিনি হলেন– বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল!
বারেবারে প্রতারণা করা– হাফিজ, স্বপন, মিলন, খসরু, টুকু, বকুল ইত্যাদি আরও নেতারা শুধু দলের মনোনয়ন নয়– কেবিনেটে স্থানও পায়। মশাল মিছিল আর টকশো করে টাকা কামানো ছাড়া যে সাকিকে দেখিনি আর কিছু করতে, সে হয়ে যায় প্রতিমন্ত্রী! আর আন্দালিব প্রার্থ সাধারণ সাংসদ হয়েই শেষ! নিজের দুই মামার একজন ছিল মেয়র আরেকজন ছিল কেন্দ্রীয় যুবলীগের সভাপতি– প্রার্থ যদি চাইত সাংসদ হয়ে আওয়ামী আমলে মন্ত্রীত্ব নিয়ে আয়েশ করতে, তবে তা পারত৷ কিন্তু, সে তা করেনি– তিনি না কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ওয়াদাবদ্ধ ছিল!
রাজপথে খুঁজে পাওয়া যায়নি দূরবীক্ষণ দিয়ে, সেই তারা হয়ে গেছে মন্ত্রী, সচিব, প্রচারক ইত্যাদি, আর ঢাকার মুকুটহীন নবাবজাদা, নবাব মির্জা আব্বাসকে রাখা হয় না সামান্য সম্মানের স্থানে….
একদিন সময় আসবে আবারও… তখন সুসময়ের পক্ষীকূলেরা আবারও উড়াল দেবে। দাপট নিয়ে চলা ফালু আর মামুনের আর জৌলুশ নেই। দুঃসময় আবারও কখনো এসে গ্রাস করলে, তখন এই এরাই ফুরৎ করে দেশত্যাগ করবে সবার আগে। কারা থাকবে, তা অতীত বলে।
আওয়ামী লীগও এমন ছিল– ত্যাগীদের পরিত্যাগ করেছিল। বিনিময়ে কী হয়েছিল, তা জুলাই ও আগস্টে দেখা গেছে! লেখা বড় হয়ে যাচ্ছে, আজ আর ওইদিকে যাব না, কোনো এক লেখায় ১৬ই জুলাই থেকে ৪ঠা আগস্ট পর্যন্ত নিবেদিত আওয়ামী নেতাকর্মীদের নিয়ে কিছু বলব। খুব কাছে থেকে দেখা, কখনো বলিনি এজন্য যে, এসব বললে সহমর্মিতা সৃষ্টি হবে।
তবে, এখন বলতেই হবে। বিএনপির আগামীর রাজনীতি ও অবস্থা কেমন হবে, তা এই ঘটনা দেখলে বুঝতে পারবে। যে মানুষগুলো বিএনপিকে বা জিয়া পরিবারকে হৃদয় গহ্বর থেকে ভালোবাসে, তাদের দূরে সরিয়ে দিয়ে সিন্ডিকেট নিয়ে সরকার ও দল চালালে তা হবে তারেক ও বিএনপির জন্য আত্মঘাতী! শত্রুকে আলিঙ্গন করুক কাজী নজরুল ইসলামের মতো, তবে এর দরুন আসল মিত্রদের দূরে ঠেলে না দিক।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top