নিহত তরু মিয়ার বাড়ি মাধবপুর গ্রামে। প্রায় দুই যুগ তিনি বিদেশে ছিলেন। পাঁচ মাস আগে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
ঝিনাইদহে বিএনপিনেতা (কৃষক দল) তরু মিয়া হত্যার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত নেতা ডা. মনোয়ার হোসেনসহ চারজনকে শনিবার গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিকালে জানাজা শেষে তরু মিয়ার লাশ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন খবর নিশ্চিত করেছেন।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন-বেলা (শনিবার) ৩টার দিকে শহরের হামদ বাইপাস এলাকা থেকে ডা. মনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তরু মিয়ার ছেলে শিপন বাদী হয়ে সদর থানায় ৫০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছেন। এদিকে তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে সদর হাসপাতালের মর্গ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি জেলা শহরের হামদহ মোড়ে শেষ হয়।