যাঁরা ধারাবাহিকভাবে আপনাদের পাশে ছিলেন, আপনাদের নেতৃত্ব মেনে জীবন বাজি রেখেছিলেন, তাঁদের মূল্যায়ন করুন

বিএনপির রাজনীতিতে বেশ কয়েকটি ধাপের রাজনীতিকদের বিচরণ আমার নজরে এসেছে। সেই ধাপগুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করব।

প্রথম ধাপ: অনেক নেতা-কর্মী আছেন যাঁরা ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত রাজনীতি করেছেন, এরপর ব্যবসা-বাণিজ্য বা চাকরিতে ফিরে গিয়েছেন।

দ্বিতীয় ধাপ: ২০১৩ সাল থেকে রাজনীতিতে সক্রিয় হয়ে ১৪-১৫ সাল পর্যন্ত রাজনীতি করেছেন, এরপর আবার ব্যবসা-বাণিজ্য বা চাকরিতে ফিরে গিয়েছেন।

তৃতীয় ধাপ: ধারাবাহিকভাবে রাজনীতি করে ২০১৮ সালের নির্বাচন পরবর্তী হতাশা থেকে রাজনীতি ছেড়ে ব্যবসা-বাণিজ্য বা চাকরিতে চলে গিয়েছেন।

চতুর্থ ধাপ: প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা সেই মানুষগুলোই ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে নিজেদের অনেক বড় ‘ত্যাগী’ হিসেবে রাজনীতির মাঠে জাহির করছেন। অতীতের রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি বা ভিডিও দেখিয়ে তাঁরা নিজেদের যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করার পাঁয়তারা করছেন।

উপরের প্রতিটি ধাপের মানুষের কাছেই টাকা-পয়সা, ব্যবসা বা ভালো চাকরি আছে। নিজেদের অর্থবিত্তের কারণে তাঁরা নেতাদের নির্বাচনের সময় অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। এরাই এখন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নেতার পাশে বসার সুযোগ পাচ্ছেন, নেতার আশেপাশে ঘোরার সুযোগ পাচ্ছেন। নেতাদের কাছে তারাই এখন গুরুত্বপূর্ণ।

আর আমাদের মতো যারা ব্যবসা-বাণিজ্য বা চাকরি—সবকিছু ফেলে শুধুমাত্র খেয়ে-পড়ে বেঁচে থাকার জন্য উবার-পাঠাও চালিয়ে রাজনীতি চালিয়ে গিয়েছি ধারাবাহিকভাবে, তারা আজ কোণঠাসা। কারণ আমাদের কাছে টাকা-পয়সা নেই। নির্বাচনকালীন সময়ে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারিনি; কিন্তু বিনা পয়সায় নিজের সবটুকু দিয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানের শীষের জন্য কাজ করেছি।

পবিত্র ঈদের সন্নিকটে দাঁড়িয়ে আজ ভাবতে হয়—হায়! জীবনটা এমন করলাম কেন? এর চেয়ে ব্যবসা-বাণিজ্য করে নিজেকে প্রতিষ্ঠিত করে এখন এসে নেতাদের পাশে দাঁড়ালেই তো ভালো হতো। নেতারা যদি এই মৌসুমী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে থাকেন, তবে আমাদের মতো জেল-জুলুম খাটা মানুষদের প্রতি অবিচার করা হবে।

সকল নেতার প্রতি অনুরোধ থাকবে—যাঁরা ধারাবাহিকভাবে আপনাদের পাশে ছিলেন, আপনাদের নেতৃত্ব মেনে জীবন বাজি রেখেছিলেন, তাঁদের মূল্যায়ন করুন। তাঁদের ও তাঁদের পরিবারের খোঁজখবর রাখুন। অন্যথায় আবার কখনো খারাপ সময় আসলে আপনাদের পাশে এই ত্যাগীদের আর পাবেন না।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top