মির্জা আব্বাসদের রক্ষা করতে না পারার দায় কার?

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, একজন ক্ষুদ্র কিন্তু একনিষ্ঠ বিএনপি সমর্থক হিসেবে আজ বুকভরা হাহাকার নিয়ে আপনাকে কিছু সত্য বলতে চাই। মির্জা আব্বাসের আজ যে নিদারুণ শারীরিক ও মানসিক দশা, তার দায়ভার শেষ পর্যন্ত আপনার ও আপনার নেতৃত্বের ওপরই বর্তায়।

আপনার চারপাশের একদল ‘গুপ্ত চামচা’ ও সিন্ডিকেট আপনাকে আপনারই দলের স্থায়ী কমিটির একজন বর্ষীয়ান সদস্যকে মিথ্যা প্রোপাগান্ডা থেকে রক্ষা করতে দেয়নি। তারা আপনাকে এমনভাবে ঘিরে রেখেছে যে, রাজপথের পোড়খাওয়া নেতাদের আর্তনাদ আপনার কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। আজ প্রশ্ন জাগে—ভবিষ্যতে যখন আপনার বা আপনার পরিবারের ওপর এই একই কায়দায় মিথ্যা গুজব আর প্রোপাগান্ডার হামলা চলবে, তখন আপনি কীভাবে তা সামলাবেন? আপনার এই সুবিধাবাদী চামচাদের দিয়ে? ভুলে যাবেন না, এই চামচারা এর আগেও আপনার কী অপূরণীয় ক্ষতি করেছিল।

আপনি কি আজও চিনতে পারলেন না জামায়াত আসলে কী জিনিস? তারা যে সুকৌশলে আপনার দলের স্তম্ভগুলোকে উপড়ে ফেলছে, তা কি আপনার নজরে আসছে না? ক্ষমতার চেয়ারে থাকার পরও জামায়াতী গংদের হাত থেকে মির্জা ফখরুল কিংবা মির্জা আব্বাসের মতো নেতাদের সম্মান ও সুরক্ষা নিশ্চিত করতে না পারা আমাদের জন্য চরম অপমানের।

মির্জা আব্বাসের এই করুণ দশার দায় কেবল আপনার এবং আপনার আশেপাশে থাকা সেই সিন্ডিকেটের। আমাদের কলিজা ছিঁড়ে যায় যখন দেখি, নিজের দলের সরকার ক্ষমতায় থাকার পরও দলের অভিভাবকরা এভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে পর্যুদস্ত হন।

সময় থাকতে এই ‘গুপ্ত চামচা’ ও সুবিধাভোগীদের বলয় থেকে বেরিয়ে আসুন। যারা আপনার দুঃসময়ে পাশে ছিল, তাদের যদি আপনি আজ রক্ষা করতে না পারেন, তবে আগামীর সংকটে আপনি কাউকেই পাশে পাবেন না। রাজনীতির আসল শক্তি মাঠের কর্মীরা, ড্রয়িংরুমের এই সুবিধাভোগীরা নয়।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top