জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদীসহ জামায়াতের অধিকাংশ নেতা-কর্মীদের পক্ষে কোর্টে আইনি লড়াই করেছেন বিএনপি-পন্থী আইনজীবীরা। গত ১৭ বছরে জামায়াতের এসব নেতা-কর্মীদের পক্ষে আইনি লড়াই করেছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এবং বিএনপির প্রয়াত সাবেক আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াসহ আরও অনেকে।
২০১৩ সালে শাপলা চত্বরে বর্বরোচিত হামলার পর যখন হেফাজত-পন্থী নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়, তখন তাদের পক্ষে আইনি লড়াই করেছেন বিএনপির ব্যারিস্টার শাকিলা ফারজানা। এর জন্য শাকিলা ফারজানার পরবর্তী পরিণতি কী হয়েছিল, তা সবারই জানা। উপমহাদেশের প্রখ্যাত আলেম জুনায়েদ বাবুনগরী গ্রেপ্তার হওয়ার পর তাঁর পক্ষে আইনি লড়াই করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদসহ অন্যরা।
আপনি কি কখনো শুনেছেন বিএনপির কোনো নেতা-কর্মী এসব কথা অহংকার বা দাম্ভিকতার সঙ্গে বলেছেন? এমন একটি উদাহরণ কি দেখাতে পারবেন, যেখানে বিএনপির কোনো পর্যায়ের নেতা-কর্মী এসব বিষয়ে দাম্ভিকতা প্রকাশ করেছেন? অথচ বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার মৃত্যুর পর লুৎফুজ্জামান বাবরের একটি মামলার আইনজীবী হিসেবে শিশির মনিরকে নিয়োগ করা হয়। আর এ নিয়ে তাদের অহংকার ও দাম্ভিকতার কোনো সীমা নেই। এরা এতটাই নীচ প্রকৃতির।
বিএনপি যখন এদেশের আলেমদের দুঃসময়ে সবসময় পাশে ছিল, তখনও আজ বিএনপিকে ইসলাম ও আলেমদের বিরোধী বলে অপপ্রচার চালানো হচ্ছে। এদের এই ঘৃণ্য মানসিকতা কতটা নীচ, তা কি বোঝা যায় না? এইতো কিছুদিন আগেও বিএনপির নামের পাশে “মৌলবাদী” শব্দ ব্যবহার করা হতো। অথচ এখন বিএনপির বিরুদ্ধে এমন ঘৃণ্য অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার রুখতে গর্জে উঠেছেন মহিবুল্লাহ বাবুনগরী, মামুনুল হক, মঞ্জুরুল ইসলাম আফেন্দি, জুনায়েদ আল হাবিবের মতো প্রখ্যাত আলেমরা। বাংলাদেশ-পন্থী এই আলেমদের প্রতি সাধুবাদ জানাই।
আবারও বলছি, আমাদের আশপাশে থাকা এইসব নীচ প্রকৃতির লোকদের সঙ্গ পরিহার করা উচিৎ। যাদের রন্ধ্রে রন্ধ্রে অহংকার ও দাম্ভিকতা, তাদের সঙ্গ কখনোই দেশ বা ইসলামের জন্য ভালো কিছু বয়ে আনবে না এটা নিশ্চিত।