ছাত্রশক্তির দ্বিচারিতা ও ‘মুনাফেকী’র নয়া দলিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে ইদানীং এক অদ্ভুত ও স্ববিরোধী সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ‘ছাত্রশক্তি’ নামক সংগঠনের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে দেখা যায়, তাদের মুখে এক নীতি আর কাজে সম্পূর্ণ উল্টো। একেই বোধহয় রাজনীতির ভাষায় বলে ‘টাটকা মুনাফেকী’।

গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি দেওয়ার প্রক্রিয়া শুরু হলো, তখন এই ছাত্রশক্তির নেতারাই ‘রাজনীতিমুক্ত হল’ কিংবা ‘হল কমিটি দেওয়া যাবে না’—এমন সব চটকদার স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিল। সাধারণ শিক্ষার্থীদের সামনে তারা এমন এক ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করেছিল যে, তারা যেন কোনো পদ-পদবি বা প্রথাগত রাজনীতির ধার ধারে না।

কিন্তু বিস্ময়ের বিষয় হলো, সেই বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই ছাত্রশক্তির নেতা সাইফুল্লার স্বাক্ষরে ৬টি হলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে! প্রশ্ন জাগে—ছাত্রদলের কমিটি হলে যা ‘অপরাধ’ বা ‘লেজুড়বৃত্তি’, ছাত্রশক্তির বেলায় তা ‘বিপ্লব’ হয়ে যায় কীভাবে? যারা ছাত্রদলের কমিটির প্রতিবাদে রাজপথ গরম করেছিল, তাদের কলম দিয়ে যখন নিজেদের হল কমিটি স্বাক্ষরিত হয়, তখন তাদের সেই প্রতিবাদের নৈতিক ভিত্তি বলে আর কিছু অবশিষ্ট থাকে না।

এটি স্রেফ সাধারণ শিক্ষার্থীদের সাথে এক ধরণের প্রতারণা। ছাত্রশক্তি আসলে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায় না, তারা চায় অন্যের রাজনীতি বন্ধ করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে। আদর্শের বুলি আউড়ে পেছন দরজা দিয়ে ক্ষমতার ভাগ নেওয়া এবং পদ-পদবি বাগিয়ে নেওয়ার এই যে নোংরা খেলা, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজ ধরে ফেলেছে।

রাজনীতিতে মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু নৈতিকতার অভাব থাকলে সেই সংগঠন কখনোই দীর্ঘস্থায়ী হয় না। সাইফুল্লার স্বাক্ষরিত এই ৬টি হল কমিটি মূলত তাঁদের নিজেদের ‘মুনাফেকী’র এক ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। যারা দিনে এক কথা বলে আর রাতে অন্য কাজ করে, তাঁদের দ্বারা আর যাই হোক—ক্যাম্পাসের কোনো গুণগত পরিবর্তন সম্ভব নয়। ছাত্রদলের সাংগঠনিক শক্তিকে ভয় পেয়ে যারা মিথ্যে ন্যারেটিভ সাজিয়েছিল, আজ তাদের নিজেদের ঘোষিত কমিটিই তাদের মুখোশ খুলে দিয়েছে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top