ফিরোজকে আমি প্রায় সাত বছর ধরে চিনি

খুলনা জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক ফিরোজ মাহমুদকে নৈতিক স্খলনের অভিযোগে (মাতাল হয়ে মাতলামি করার ভিডিও) অব্যাহতি দেওয়া হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই না করে ফিরোজকে অব্যাহতি দেওয়া আমার কাছে রীতিমতো বাড়াবাড়ি মনে হয়েছে।

ফিরোজকে আমি প্রায় সাত বছর ধরে চিনি। যে ছেলে সিগারেট খায় না, সে নাকি তরলজাতীয় নেশায় আসক্ত! ফিরোজের যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে সেটি আমি দেখেছি। ও এমন অনেক ফানি অভিনয় করে। বলতে পারেন—এটা ওর একটি সৃজনশীল গুণ। মাতালের অভিনয় করা, হকারের অভিনয় করা, ভিলেনের অভিনয় করা—এগুলো ও ভালোই পারে।

যে ভিডিওর অভিযোগে ওকে অব্যাহতি দেওয়া হয়েছে, ওটা ছিল ওর মাতালের অভিনয় করা একটি ভিডিও। নিশ্চিত এমন কেউ এই ভিডিও ছড়িয়েছে যে একদা ওর কাছের মানুষ ছিল; কারণ ভিডিওটা একটা রুমের মধ্যে করা। যে ভিডিওটি ছড়িয়েছে সে-ও জানে এটা ফিরোজের অভিনয়ের ভিডিও।

কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্তদের কাছে অভিযোগ দেওয়ার সাথে সাথে কাউকে বহিষ্কার করা কিংবা অব্যাহতি দেওয়া শুভ লক্ষণ নয়। দায়িত্বপ্রাপ্ত নেতাদের উচিত ছিল একটি কমিটি গঠন করে তদন্ত করা। তদন্তে দোষী সাব্যস্ত হলে তারপর সাংগঠনিক ব্যবস্থা নিতে পারতেন। আমি নিশ্চিত করে বলতে পারি, ফিরোজ ডোপটেস্ট দিলেও ওর শরীরে সিগারেটের নিকোটিন পাওয়া যাবে না।

দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছে অনুরোধ, অভিযোগের সত্যতা নিশ্চিত করার জন্য তদন্ত কমিটি গঠন করুন। বিনা অপরাধে কাউকে বহিষ্কার করা আরও বড় সাংগঠনিক অপরাধ।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top