মাশরাফি বলেছে সে মারা গেলে যেন তাঁর লাশটা নড়াইলে না নেওয়া হয়

আলোচনা হচ্ছে মাশরাফিকে নিয়ে। তাঁর বাবা সাংবাদিকদের বলেছেন, মাশরাফি বলেছে সে মারা গেলে যেন তাঁর লাশটা নড়াইলে না নেওয়া হয়। লাশ নড়াইল নেওয়া হবে কি হবে না, এটা নড়াইলবাসীর সিদ্ধান্ত নয়; এটা তাঁর পারিবারিক সিদ্ধান্ত। তবে মাশরাফিকে নিয়ে কিছু কথা থেকেই যায়।

একসময় আমি মাশরাফির ‘ডাই-হার্ট’ ফ্যান ছিলাম। মাশরাফি যখন টি-২০ থেকে অবসরের ঘোষণা দেন, তখন ওনার হয়ে কত আবেগি লেখা লিখেছিলাম! ওনাকে জড়িয়ে ধরা ছবি প্রোফাইল পিকচার দিয়েছিলাম। সেই মাশরাফি কেন এত ঘৃণার পাত্র হলেন, জানবেন?

মাশরাফির পরিবার বিএনপি সাপোর্ট করত। এমনকি মাশরাফির বাবা নাকি বিএনপির ইউনিয়ন কমিটিতে ছিলেন। কিন্তু আমি কোনো দিন চাইনি মাশরাফি বিএনপি করুক। মোট কথা, আমি চাইনি মাশরাফি কোনো দলের হয়ে কাজ করুক। মাশরাফি আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে একটা ফাউন্ডেশন খুলেছিলেন। আমি চেয়েছিলাম মাশরাফি ওই ফাউন্ডেশন নিয়ে মানুষের দোরগোড়ায় যান।

মাশরাফি সত্যবাদী ছিলেন না! ওনার জীবনের প্রথম নির্বাচন ছিল ২০১৮ সালের নির্বাচন। সেদিন আমি নিজেই ভোট দিতে পারিনি। এমনকি ২০১৮ সালের নির্বাচন কেমন হয়েছিল, সেটা সারা বিশ্বের মানুষ জানে। হয়তো মাশরাফিও জানতেন কেমন নির্বাচন করেছে তাঁর দল। কিন্তু আমি যাকে ‘সত্যবাদী মাশরাফি’ হিসেবে জানতাম, সেই মাশরাফি দুপুরে সংবাদ সম্মেলন করে বললেন—নির্বাচন শতভাগ সুষ্ঠু হচ্ছে, এমন নির্বাচন আগে কখনো হয়নি।

মাশরাফি রাজনীতিতে এসেই সব আওয়ামী লীগ নেতার প্রতিদ্বন্দ্বী হয়ে যান। কারণ, সকল অঙ্গসংগঠনে তাঁর ভাগ থাকত। এমনকি আওয়ামী লীগ নেতারাও তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। ব্যবসা-বাণিজ্য, পদ-পদবি, বিভিন্ন সুযোগ-সুবিধা শুধু তাঁর আশেপাশের মানুষই ভোগ করত। নড়াইলে এমপি হয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন তো করতে পারেননি, বরং একটা হাসপাতাল হওয়ার কথা ছিল—সেটাও করতে পারেননি নিজের আর দলের অন্য সবার গ্রুপিংয়ের কারণে।

জুলাইয়ের উত্তাল আন্দোলন যখন বিশ্ববিবেক নাড়িয়ে দিয়েছিল, মাশরাফি চাইলে জনগণের কাতারে দাঁড়াতে পারতেন। কিন্তু সেই জুলাইতেই মাশরাফি ছাত্র-জনতার বিপক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে নড়াইলে মিছিল করেন। সেদিন তিনি কালো পাঞ্জাবি পরেছিলেন। নড়াইলে যখন ছাত্র-জনতা মিছিল বের করেছিল, তখন তাঁর লোক হিসেবে পরিচিত ছাত্রলীগ সভাপতি নীলকে দিয়ে গুলি চালিয়েছিলেন। তখন মাশরাফি ব্রিজের নিচে বসে অট্টহাসি হাসছিলেন, আর ব্রিজের ওপর ছাত্র-ছাত্রীরা রক্তাক্ত হচ্ছিল।

এই ছবিটা ৩রা আগস্টের। বুয়েটের শিক্ষার্থীরা দেয়ালে ছবি এঁকে ‘হেডার এক্সপ্রেস’ উপাধি দিয়েছিল। মানুষ শুধু শুধু তাকে মনের ভালোবাসা থেকে ঘৃণায় রূপ দেয়নি। রক্তাক্ত বাংলাদেশ সেদিন সাকিবের দিকে না তাকালেও মাশরাফির দিকে তাকিয়ে ছিল—হয়তো মাশরাফি জনতার কাতারে আসবেন। কিন্তু তিনি আসেননি।

৫ই আগস্ট যখন ওনার বাড়িতে হামলা করা হয়, তখন অধিকাংশ মানুষ ছিল তাঁর গ্রামের মানুষ। তাঁর গ্রামের মানুষ তাঁর বাবার প্রতি এতটাই ক্ষুব্ধ ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকে এসে তাঁর বাড়িতে হামলা করেছিল। মাশরাফির বাবা ছিলেন অঘোষিত সরকার। তিনিই এমপির গাড়িতে থাকতেন সব সময়। সকল জায়গায় পার্সেন্টেজ হিসেবে মাশরাফির বাবা থাকতেনই।

যখন ৫ই আগস্ট তাঁর বাড়িতে হামলা হয়, তখন ঢাল হিসেবে দাঁড়ান তারই বাল্যকালের বন্ধু—তৎকালীন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফশিয়ার ভাই। কিন্তু ততক্ষণে তাঁর বাড়ির অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। এই ফশিয়ার ভাই ছিলেন মাশরাফির বাল্যবন্ধু। ফশিয়ার ভাইকে একদিন মাশরাফি গালি দিয়ে বলেছিলেন, ‘এই দল ছাড়তে পারিস না?’ তখন থেকেই ফশিয়ার ভাই আর কোনো দিন মাশরাফির সঙ্গে যোগাযোগ রাখেননি। কিন্তু বন্ধু ফশিয়ারই তাঁর বাড়িতে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

দূর থেকে অনেক কিছু মনে হয়। আবেগি ভিডিও দেখে সবাই ভুলে যায় অতীত ইতিহাস। মাশরাফি আমারও আবেগ ছিল। কিন্তু সেই আবেগ আর নেই তাঁর কৃতকর্মের জন্য। যারা আবেগ দেখাচ্ছেন, তাদের কাছে অনুরোধ—মনে মনে ভাববেন সেই আওয়ামী আমলের কথা, তাহলেই আবেগ পানি হয়ে যাবে।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top