জামায়াত–আওয়ামীলীগ: একে অপরের অল্টার ইগো

বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ও আওয়ামীলীগ অনেকটা একে অপরের পরিপূরক শক্তি হিসেবে কাজ করছে। বাস্তবে দেখা যায়—জামায়াত যত শক্তিশালী হয়েছে, আওয়ামীলীগও ততটা শক্তিশালী হয়েছে। আবার আওয়ামীলীগ যত ক্ষমতায় বলীয়ান হয়েছে, জামাতও ততটা শক্তি সঞ্চয় করেছে।

জামায়াত ডানপন্থী দল; মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। অন্যদিকে আওয়ামীলীগ বামপন্থী; মুক্তিযুদ্ধের তথাকথিত জয়ী শক্তি। পরস্পর বিরোধিতার মাধ্যমেই দীর্ঘদিন ধরে এই দুই দলের রাজনীতি টিকে আছে। ভিন্ন মেরুর রাজনৈতিক মতাদর্শ কীভাবে একে অপরকে টিকিয়ে রাখে—ডাকসুর সাম্প্রতিক নির্বাচনের ঘটনাই তার প্রমাণ। সাদিক কায়েমকে ‘পাকিস্তানি’ বলা হয়েছিল, আর তাতেই তিনি অতিরিক্ত অন্তত দুই হাজার ভোট পেয়েছিলেন। একইভাবে মেঘমল্লারও কিছু ভোট পেয়েছিলেন শুধুমাত্র শিবিরপন্থীদের কটুক্তির কারণে। ফলে নেগেটিভ মার্কেটিংয়ের মতো করেই এরা একে অপরের রাজনীতিকে বাঁচিয়ে রাখে।

সম্প্রতি দেখা যাচ্ছে, আওয়ামীলীগকে বিভিন্ন জায়গায় পুনর্বাসনের কাজ করছে জামাত। ৫ আগস্টের পর থেকেই এই চিত্র দেশব্যাপী। কারণ জামায়াত জানে আওয়ামীলীগ ছাড়া তাদের রাজনীতি সম্ভব নয়। আবার আওয়ামীলীগও জানে জামায়াতকে ছাড়া তারাও দীর্ঘমেয়াদে রাজনীতি টিকিয়ে রাখতে পারবে না। এই দ্বিমুখী হিসাব শেখ হাসিনাও খুব ভালোভাবেই বুঝতেন। এ কারণেই তিনি জামায়াতের শীর্ষ কয়েকজন নেতাকে ফাঁসি দিলেও দলটিকে কখনো নিষিদ্ধ করেননি। শিবিরের ব্যাপারেও এনএসআই বা ডিজিএফআই প্রকৃতপক্ষে তেমন কোনো পদক্ষেপ নেয়নি।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঠেকাতে হাসিনা যখন সুদূর তুরস্ক থেকে অস্ত্র আমদানি করেছিলেন, একইদিনে মতিঝিলে জামায়াতের সমাবেশে একটি ফুলের টোকাও না পড়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ। আবার ইলিয়াস আলীর মতো বহু নেতাকে গুম করা হলেও গোলাম আযম বা মীর কাশেম আলীর উত্তরসূরিদের দেশে ফেরার সুযোগ মেলে কেন—সেই প্রশ্নও ওঠে। ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থীরা শিবির সন্দেহে মার খেয়েছে বটে, কিন্তু প্রকৃত শিবির নেতাদের কেন কখনো মার খেতে দেখা যায়নি?

প্রশ্নগুলো যতই খতিয়ে দেখা যায়, ততই পরিষ্কার হয়, জামায়াত-আওয়ামীলীগের প্রেম-ঘৃণার রাজনীতি দীর্ঘকাল ধরেই চলমান। কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো নেগেটিভলি, আবার কখনো পজিটিভলি—বারবার তারা একে অপরের উপকারে এসেছে। ১৯৯৬ ও ২০০৮-এর অভিজ্ঞতা তার বাস্তব প্রমাণ।

তবে এবার জামায়াতের সামনে ছিল ভিন্ন কিছু করার সুযোগ। আওয়ামীলীগ একের পর এক গণহত্যা চালিয়ে এই দেশে নিজেদের রাজনৈতিক সম্ভাবনাকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছিল। তখন জামায়াত চাইলে আওয়ামীলীগবিহীন বাস্তবতাকে মেনে নিয়ে নিজেদের অস্তিত্ব শক্তিশালী করতে পারত। কিন্তু তারা তা করেনি। আসলে ৮০ বছরে একবারও যারা ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়ায়নি, তাদের কাছ থেকে সঠিক রাজনীতি আশা করাও আকাশকুসুম কল্পনা।

৫ আগস্টের পর থেকে জামায়াত যেভাবে অনলাইনে, অফলাইনে, প্রশাসনে সর্বশক্তি দিয়ে রাজনীতি করছে, সেটি তাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আওয়ামীলীগ নেতাদের সরাসরি আশ্রয় দেওয়ার রাজনীতি তাদের অন্যান্য সব কার্যক্রমকে ম্লান করে দেবে। যতই সেক্যুলার রাজনীতির বুলি কপচাক, যত স্মার্ট পলিটিক্স করুক, শেষ পর্যন্ত এর জন্য ভয়াবহ কাফফারা দিতে হবে।

বাস্তবতা হলো—জামায়াতের উত্থান মানেই আওয়ামীলীগের পুনরুত্থান। জনগণের সামনে এখন কেবল দুটি অপশন আছে: হয় উভয় দলই রাজনীতি করবে, নয়তো উভয়ের রাজনীতিই বিলীন হবে। এর মাঝামাঝি কোনো সমাধান নেই।

৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার দায়ও জামায়াতের ঘাড়েই বর্তায়। হাসিনার পতনের পর যে অশালীনতা, নোংরামি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন দেখা গেছে, তার মূল কারিগর জামাত এবং তাদের বি-টিম, সি-টিম। এনসিপির মতো বিকল্প শক্তির দাঁড়িয়ে না ওঠার কারণও এই জামাত।

এসব কথার একটিও মিথ্যা নয়। আজ যাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, দুদিন পর তাদের ভুল ভাঙবে। আমরা আগেই বলেছিলাম—ইউনুস সরকার সফল হবে না, শেষমেশ তাই হয়েছে। রাজনীতিতে পপুলিজম কখনো স্থায়ী হয় না। যত বড় মিথ্যাই হোক না কেন, সময়ের সাথে তা ভেঙে পড়ে। আর একবার ভাঙতে শুরু করলে সেই ভাঙনকে সত্য দিয়েও ঠেকানো যায় না।

আজ জামায়াত যে অবস্থানে আছে, তা একেবারেই সাময়িক। একইভাবে শিবিরও। বছরের পর বছর আওয়ামীলীগের ছায়াতলে থাকার সুফলই তারা এখন ভোগ করছে। কোনো দূরদর্শিতা বা ত্যাগের কারণে এই সাফল্য আসেনি। ইতিহাস সাক্ষী—জামায়াত কখনো সঠিক রাজনীতি করেনি, করছে না, ভবিষ্যতেও করবে না। বরং আগামীতে তাদের রাজনীতি করার সুযোগ আদৌ থাকবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top