ত্যাগের বিনিময়ে পাওয়া গদি ও অভিভাবকহীন ছাত্রদল: নীরবতা কি তবে কৃতজ্ঞতার অভাব?

বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে ছাত্রদল সবসময়ই একটি ‘লিডারশিপ ফ্যাক্টরি’ হিসেবে কাজ করেছে। এর প্রমাণ আজকের মন্ত্রিসভা ও সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি—তাঁরা প্রত্যেকেই ছাত্রদলের তপ্ত রাজপথ থেকে উঠে আসা নেতা। এমনকি সুলতান সালাউদ্দিন টুকু, রাজীব আহসান বা হাবিবুর রহমান হাবিবের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন।

বর্তমান সংসদের পরিসংখ্যানে তাকালে দেখা যায়, ২১৫ জন বিএনপির এমপির মধ্যে ১৬০ জনেরও বেশি সাবেক ছাত্রদল নেতা। এমনকি গতকাল ঘোষিত ৩৬ জন সংরক্ষিত নারী সংসদ সদস্যের মধ্যে ১৯ জনই এসেছেন ছাত্রদলের রাজনীতি থেকে। এই বিপুলসংখ্যক নেতার ক্ষমতায় যাওয়ার পথটি কুসুমাস্তীর্ণ ছিল না। তাঁদের জন্য রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে সাধারণ ছাত্রদল কর্মীরা। তাঁরা এমপি-মন্ত্রী হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রম আর রক্তের বিনিময়ে।

কিন্তু বাস্তবতা আজ বড়ই নিষ্ঠুর। চট্টগ্রাম সিটি কলেজে আব্দুল্লাহ আল মামুন নামের এক ছোট ভাই যখন স্রেফ ‘গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস’ দাবি করে দেওয়াল লিখন লিখল—যেখানে কোনো ব্যক্তি বা সংগঠনের নামও ছিল না—তখন তাঁর ওপর শিবিরের ক্যাডাররা রক্তক্ষয়ী হামলা চালাল। ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী আজ মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। অথচ এই ঘটনার এতক্ষণ পার হয়ে গেলেও ছাত্রদলের সাবেক নেতা হিসেবে পরিচিত কোনো মন্ত্রী বা এমপির একটি বিবৃতি কিংবা একটি সমবেদনা সূচক স্ট্যাটাস দেওয়ার সময় হয়নি।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৪টিই বিএনপির দখলে। তারপরও একজন এমপিকেও হাসপাতালে গিয়ে সেই আহত কর্মীদের পাশে দাঁড়িয়ে নূন্যতম সহমর্মিতা দেখাতে দেখা যায়নি। ছাত্রদলের নেতা-কর্মীরা কি তবে কেবল রক্ত দেওয়ার জন্যই রাজনীতিতে এসেছেন? ক্ষমতার মিছিলে প্রথম সারিতে থাকা মন্ত্রী-এমপিরা কি তবে ভুলে গেলেন তাঁদের শেকড় কোথায়?

নেতৃত্ব যখন কর্মীদের কষ্টের সাথে একাত্ম হতে পারে না, তখন সেই রাজনীতি তার নৈতিক ভিত্তি হারায়। চট্টগ্রামের এই ঘটনা এবং মন্ত্রী-এমপিদের রহস্যময় নীরবতা তৃণমূলের কর্মীদের মাঝে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করছে। অভিভাবকহীন ছাত্রদল যেন আজ নিজ দলের কাছেই এক ‘অসহায়’ নাম। মনে রাখা প্রয়োজন, কর্মীরা যদি আস্থা হারায়, তবে সেই ক্ষমতার মসনদ তাসের ঘরের মতো ভেঙে পড়তে সময় লাগে না।

পরিশেষে একটিই প্রশ্ন—তারেক রহমানের বীর সেনানীরা কি এভাবেই অবহেলিত থাকবে? নাকি আমাদের প্রিয় নেতারা তাঁদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে বেরিয়ে এসে কর্মীদের ত্যাগের নূন্যতম মর্যাদা দেবেন?

আপনার মতামত জানান

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top