ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ২০২৩-২৪ সালের সেই সময়টি ছিল এক অন্ধকার অধ্যায়। হলগুলোতে যখন ‘গেস্টরুম’ কালচারের নামে ছাত্রলীগের পাণ্ডারা সাধারণ শিক্ষার্থীদের ওপর পৈশাচিক নিপিড়ন চালাত, তখন প্রশাসনের শীর্ষকর্তারা ছিলেন হয় অন্ধ, না হয় সরাসরি সেই নিপিড়নের সহযোগী। কিন্তু সেই ঘোর অমানিশার মাঝেও দুই জন শিক্ষক দেখিয়েছিলেন যে, মেরুদণ্ড বিক্রি না করে কীভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয়।
২০২৪ সালের সেই ঐতিহাসিক সিনেট অধিবেশনের কথা আজও সবার মনে পড়ে। যেখানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দলদাস শিক্ষকদের জয়জয়কার, সেখানে দাঁড়িয়ে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং অধ্যাপক ড. এম লুতফর রহমান বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছিলেন। তাঁরা সাধারণ ছাত্রদের আর্তনাদকে সিনেটে পৌঁছে দিয়ে ‘গেস্টরুম’ নামক সেই বর্বর প্রথা চিরতরে বন্ধের দাবি জানিয়েছিলেন।
তৎকালীন ভিসি আখতারুজ্জামান তাঁর দলীয় আনুগত্যের পরাকাষ্ঠা দেখাতে গিয়ে এবং ক্ষমতার দম্ভে সেই সত্য ভাষণকে ‘এক্সপাঞ্জ’ বা কার্যবিবরণী থেকে মুছে দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছিলেন। উপস্থিত অধিকাংশ শিক্ষক যখন ভয়ে চুপ ছিলেন কিংবা ভিসির সেই অগণতান্ত্রিক সিদ্ধান্তকে হাততালি দিয়ে সমর্থন দিচ্ছিলেন, তখন এই দুই শিক্ষক মাথা নত করেননি। তাঁরা সেই সভা বয়কট করে সগর্বে ওয়াকআউট করে বেরিয়ে এসেছিলেন। সেই দিনের সেই ছবি আজ এক জীবন্ত বিপ্লবের প্রতীক।
সময়ের চাকা আজ ঘুরে গেছে। যারা একদিন সত্যকে মুছে দিতে চেয়েছিল, তারা আজ ইতিহাসের আস্তাকুঁড়ে। আর যে শিক্ষক শিক্ষার্থীদের চোখের ভাষা বুঝেছিলেন, যাদের সাহসিকতায় ‘গাটস’ বা হিম্মত ছিল, আজ তাঁদেরই একজন অধ্যাপক ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অভিষিক্ত হয়েছেন। এটি কেবল একজন ব্যক্তির জয় নয়, এটি দীর্ঘ বঞ্চনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক জয়।
আজকের এই নতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বিশ্বাস করি, সেই দিনের মতো গেস্টরুমের অন্ধকার আর ফিরে আসবে না। কারণ, বিশ্ববিদ্যালয় আজ এমন একজন অভিভাবক পেয়েছে, যিনি ক্ষমতার নেশায় মত্ত না হয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে জানেন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই দুই শিক্ষকের নাম উদাহরণ হিসেবে থেকে যাবে যে—সত্য সাময়িকভাবে চাপা দেওয়া যায়, কিন্তু স্তব্ধ করা যায় না।