
ওবায়দুল ইসলাম ঢাবির ভিসি হয়েছেন; তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি তো দূরের কথা, আমার চৌদ্দ গোষ্ঠীর কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েনি। তবে আমি আশা করছি—তিনি একজন শিক্ষার্থীবান্ধব ও কর্মতৎপর ভিসি হবেন। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অন্তত সেটিই বলে। ঘটনাটি তাহলে খুলেই বলি…
তিনি ঢাবির ভিসি হওয়ার আগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। আমি তখন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমার একটি ডকুমেন্ট সংশোধনের কাজ নিয়ে চরম ভোগান্তির মধ্যে ছিলাম। টানা তিন বছর এই কাজ নিয়ে ঘুরেছি, কিন্তু সমাধান হয়নি। শেষে দিশেহারা হয়ে চিন্তা করলাম—একদম ওপর মহল থেকে চেষ্টা করে দেখি কিছু হয় কি না।
ফেসবুকে পোস্ট দিলাম—ঢাবির ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ওবায়দুল ইসলামের ফোন নম্বর কারো কাছে আছে কি না? ফেসবুক সেলিব্রেটি রাশাত রহমান জিকো আমার পোস্ট দেখে স্যারের নম্বর দিলেন। আমি তাঁকে আমার ভোগান্তির কথা বিস্তারিত লিখে মেসেজ দিলাম। মেসেজের কোনো তাৎক্ষণিক রিপ্লাই পেলাম না ঠিকই, কিন্তু এর একদিন পর আমার কাছে একটি ফোন কল আসলো। পরিচয় দিলেন—উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা। জানতে চাইলেন আমার সমস্যা কী।
তাঁকে বিস্তারিত বলার পর তিনি আমাকে আরও দুটি নম্বর দিলেন এবং বললেন—তাঁদের সাথে যোগাযোগ করে অ্যাপ্লিকেশনের রেফারেন্স নম্বর দিতে। সেই সাথে তাঁদের দেওয়া সময়ের মধ্যে কাজের কী অগ্রগতি হলো, তা যেন তাঁকে জানাই। আশ্চর্যের বিষয় হলো, পরবর্তী তিন কর্মদিবসের মধ্যেই আমার সেই কাজটা হয়ে গিয়েছিল, যা নিয়ে আমি তিন বছর ধরে ঘুরছিলাম! এটি আমার জন্য ছিল এক বিরাট ঘটনা।
অধ্যাপক ওবায়দুল ইসলাম স্যারের কর্মসফলতা, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। তিনি আমাকে একটি বড় দুশ্চিন্তা থেকে মুক্ত করেছিলেন। এই কারণেই আশা করছি—ঢাবির ভিসি হিসেবেও শিক্ষার্থীরা তাঁর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে।