
বাংলাদেশে প্রতিটি মূলধারার রাজনৈতিক দলের ভেতরে জামায়াত-শিবিরের ঘাপটি মেরে থাকা বা অনুপ্রবেশ করা বর্তমানে একটি সুনিপুণ ‘শিল্পে’ পরিণত হয়েছে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ‘অপারেশন ক্লিনহার্ট’ নামক যে অভিযান পরিচালিত হয়েছিল, তা ছিল মূলত এক গভীর ষড়যন্ত্রের অংশ। সেই সময় জামায়াতী প্ররোচনা ও কৌশলী ইন্ধনে বিএনপির প্রায় ৭০ শতাংশ তৃণমূল কর্মী-সমর্থককে হত্যা ও পঙ্গু করে দেওয়া হয়েছিল।
সেই অভিযানের আড়ালে রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ কাঠামোতে জামায়াত-শিবিরের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করা হয়েছিল। সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সচিবালয়, পুলিশ প্রশাসন এবং বিডিআর ও সেনাবাহিনীর মতো স্পর্শকাতর জায়গাগুলোতে জামায়াত-শিবিরের ক্যাডারদের নিয়োগ ও পদায়ন সম্পন্ন করা হয়েছিল। যার চূড়ান্ত খেসারত বিএনপিকে পরবর্তী এক যুগেরও বেশি সময় ধরে দিতে হয়েছে।
দুর্ভাগ্যজনকভাবে, ২০২৬ সালে এসেও বর্তমান বিএনপি সরকার যেন সেই একই আত্মঘাতী পথে হাঁটছে। আমরা লক্ষ্য করছি, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আবারও সেই চিহ্নিত অপশক্তির দোসররা জাঁকিয়ে বসছে। ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করে একাত্তরের পরাজিত শক্তির উত্তরসূরিদের যেভাবে রাষ্ট্রীয় ও দলীয় বিভিন্ন স্তরে সুযোগ করে দেওয়া হচ্ছে, তা বিএনপির অস্তিত্বের জন্যই বড় হুমকি।
রাজনীতিতে ইতিহাস থেকে শিক্ষা না নেওয়া সবচেয়ে বড় অপরাধ। ২০০১ সালের সেই অনুপ্রবেশের খেসারত বিএনপি একবার দিয়েছে। বর্তমান সরকার যদি এখনই সতর্ক না হয় এবং এই ছদ্মবেশী দোসরদের চিহ্নিত করে বিদায় না দেয়, তবে আগামীতে আরও ভয়াবহ পরিণতির জন্য দলটিকে প্রস্তুত থাকতে হবে। ইতিহাসের এই পুনরাবৃত্তি কেবল দলের জন্যই নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যও এক অশনিসংকেত। লিখে রাখুন, এই নীরব অনুপ্রবেশের চূড়ান্ত মাশুল দিতে হবে অত্যন্ত চড়া দামে।