কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজেকে সাংবাদিক ও সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ কাকন (২৭) নামের এক প্রতারককে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) দুপুরে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটক মোহাম্মদ কাকন চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার জাকারিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষকে হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। কখনো সাংবাদিক, কখনো বা সমন্বয়ক পরিচয় দিয়ে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ রাব্বি ঈশান জানান, ৯৯৯ জরুরি সেবায় ফোন পেয়ে দ্রুত ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালানো হয় এবং চাঁদাবাজির সময় কাকনকে আটক করা হয়। এ ঘটনায় ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ আবু তাহের মানিক বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।
গ্রাম পুলিশ আবু তাহের মানিক জানান, মঙ্গলবার দুপুরে কাকন নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে পরিষদের নারী উদ্যোক্তা আসমাউল হুসনার কক্ষে প্রবেশ করেন। সেখানে তিনি বলেন, “এখানে জনসাধারণের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, আমি সাংবাদিক আমাকে ৫ হাজার টাকা দিন নয়তো নিউজ করে দিব।” উদ্যোক্তাকে চাকরিচ্যুতি ও মানহানিকর অপপ্রচারের ভয় দেখানো হয়। গ্রাম পুলিশ, দফাদার ও অন্যান্যদের বিষয়টি জানালে অভিযুক্ত কাকন তাদের প্রতিও অশোভন আচরণ ও হুমকি প্রদান করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। তার কথাবার্তা উপস্থিত সেবা প্রার্থীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঢেমুশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইরাস চৌধুরী জানান, আটক কাকন পার্শ্ববর্তী কোনাখালী এলাকার বাসিন্দা। বিগত ৫ আগস্টের পূর্বে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করতেন। পরবর্তীতে বিভিন্ন পরিচয়ে তিনি নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন। কানন নিজেকে কখনো সমন্বয়ক, সাংবাদিক, আবার কখনো এনসিপি-এর ‘ক্রাইম রিপোর্টার’ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রভাবিত করতেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, কাকন এলাকায় ‘ভাই ভাই সুপার পাওয়ার’ নামে একটি কিশোর গ্যাং সংগঠন গড়ে তোলেন এবং তিনি ওই সংগঠনের উপদেষ্টা। কোনাখালী এলাকার ভুক্তভোগী ডা. আব্দুল হামিদ বলেন, “এই কানন এতটাই বেপরোয়া যে, মানুষকে জিম্মি করে টাকা আদায় করা তার পেশা ও নেশা। তার দাবি করা চাঁদা না দেওয়ায় কিছুদিন আগে চকরিয়া আদালত চত্বরে আমার স্ত্রীকেও ফেসবুক লাইভে এসে সে অপদস্থ করেছিল। এমন কথা সে লাইভে বলেছে যা চরম পর্যায়ের অশোভন।”
এদিকে, এনসিপির চকরিয়া উপজেলা ছাত্র প্রতিনিধি সৈয়দ হাসান তার ফেসবুকে নিশ্চিত করেছেন যে, এনসিপিতে চকরিয়া উপজেলায় মো. কানন নামের কোনো সমন্বয়ক বা ক্রাইম রিপোর্টার নেই এবং কেউ এ পরিচয় দিলে সে ভুয়া। তিনি কাননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।
চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ জানান, মোহাম্মদ কাকনের বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, সরকারি কাজে বাধা ও নারীকে হেনস্তা করার অপরাধে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।