নির্বাচনের ফল বেরোনোর দিন দুপুরে শহরে হালকা রোদ ছিল। অদ্ভুত রোদ। এমন রোদে মানুষ হেরে গেলে সেটা বোঝা যায় না, জিতলেও খুব আনন্দ লাগে না।
নাসির ভাই হারলেন।
হারার পর তিনি প্রথমে হাসলেন। এমনভাবে হাসলেন যেন ব্যাপারটা খুবই স্বাভাবিক। সাংবাদিকদের বললেন, “আমি হারিনাই, আমাকে হারানো হয়েছে।” এই কথা বলতে বলতে তাঁর কপালের শিরা একটু ফুলে উঠেছিল, কিন্তু সেটা কেউ খেয়াল করল না। ক্যামেরা তখন অন্যদিকে।
মজার বিষয় হলো, তাঁর নিজের দলের কয়েকজন ঠিকই জিতে গেলেন। সন্ধ্যায় তাদের বাড়ির সামনে মিষ্টি বিতরণ হলো। ফেসবুকে ছবি উঠল। ফুলের তোড়া। হাসি। গলায় মালা।
নাসির ভাইয়ের বাড়িতে আলো ছিল, কিন্তু শব্দ ছিল না। তিনি কারও ওপর রাগ দেখাতে পারলেন না, জিতেছে তো নিজের দলের মানুষই। দলের জেতা লোকদের নিয়ে প্রশ্ন তোলার মানে নিজের দরজায় কাঁটা ছুঁড়ে মারা, সেই সাহস বা সুযোগ কোনোটাই তাঁর নেই। তাই তিনি অন্য রাস্তা বেছে নিলেন। প্রতিপক্ষের বিরুদ্ধে বিশ্রি ভাষায় বক্তৃতা দেন প্রতিদিন। মানুষ শুনছে, কেউ হাসছে, কেউ রাগ করছে। কিন্তু সবাই জানছে- তিনি আছেন, ভালোবাবেই আলোচনায় আছেন।
একদিন তাঁর ছোট ভাই চুপচাপ বলল, “ভাইয়া, আপনি নির্বাচনী কারচুপি নিয়া এত বলেন অথচ আপনার দলের যারা জিতল, তাদের নিয়ে কিছু বলেন না কেন?”
ডার্বি হাতে নাসির ভাই চা খাচ্ছিলেন। চায়ের কাপটা হালকা কাঁপল। তিনি জানালার বাইরে তাকালেন। অনেকক্ষণ তাকিয়ে থেকে বললেন, “সব কথা বলা যায় না।”
ছোটোভাই আর কিছু জিজ্ঞেস করল না। ঘরে একটা নীরবতা নেমে এল। সেই নীরবতা খুব চেনা। এই নীরবতা আসে যখন মানুষ নিজের কষ্টটা নিজেই গিলে ফেলে।
পরদিন আবার নাসির ভাই অশ্লীল বক্তব্যে মঞ্চ কাঁপালেন, সবার হাততালি পড়লো। তিনি জানেন- এই হাততালিতে ভালোবাসা কম, বিনোদন বেশি।
রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালেন, এসব কি করছি আমি? আমি কি দিনে দিনে ভাড় হয়ে যাচ্ছি?
আয়নার মানুষটি চুপ রইল। আয়নার মানুষরা সাধারণত তর্ক করে না। তারা শুধু তাকিয়ে থাকে।